২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে ডুবতে বসেছে চালবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সরকারি চালবাহী একটি বড় জাহাজ আংশিক ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সরকারি চালবাহী একটি বড় জাহাজ আংশিক ডুবে গেছে। বুধবার রাত ১১টা ২৫ মিনিটে বহির্নোঙরের চার্লি অ্যাংকরেজের কাছে বাংলাদেশি জাহাজ বঙ্গলঙ্কা'র ধাক্কায় উত্তর কোরিয়ার পতাকাবাহী হিয়াং রো বং জাহাজটির পেছনের অংশ ডুবে যায় বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ দুর্ঘটনার পরও বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটছে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন। দুর্ঘটনা কবলিত জাহাজের ৪১ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। উত্তর কোরিয়ার জাহাজটি পাকিস্তান থেকে সরকারি ১৩ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়তে আসছিলো। চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহনা থেকে সাড়ে ৪ নটিক্যাল মাইল দূরে জাহাজ দুটির ধাক্কা লাগে। কোরিয়ান জাহাজটির পেছনের অংশে ফুটো হয়ে পানি ঢুকে তা কাত হয়ে যায়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত জাহাজটির সামনের অংশ ভেসে ছিলো বলে জানান নাজমুল। তিনি জানান, ডুবে যাওয়া জাহাজটি টেনে বন্দরের ব্রাভো অ্যাংকরেজের কাছে আনার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৪০ ঘ.