ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যবর্তী নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিঙে নজরুল ইসলাম খান একথা জানান।
কর্মসূচিগুলো হলো- গ্যাস সঙ্কটে ১৮ এপ্রিল, বিদ্যুৎ সঙ্কটে ২৪ এপ্রিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৬ এপ্রিল ও পুঁজিবাজারে 'কেলেঙ্কারীর' প্রতিবাদে ৫ মে ঢাকাসহ দেশব্যাপী সমাবেশ-মিছিল ও স্মারকলিপি পেশ এবং মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৯ মে ঢাকাসহ সারাদেশে সমাবেশ-মিছিল।
নজরুল ইসলাম জানান, স্থায়ী কমিটির বৈঠকে আগামী ২৩ এপ্রিল ঢাকায় জাতীয় নির্বাহী কমিটির বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে।
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান ব্রিফিঙে উপস্থিত ছিলেন।
বৈঠকে দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ১/১১ এর সময়ে তার সাহসী ভূমিকার প্রশংসা করে জাতীয় স্থায়ী কমিটি।
নজরুল ইসলাম খান জানান, স্থায়ী কমিটির বৈঠকে ছাত্রদল নেতা হাবিব রশিদ হাবিরের ওপর 'ছাত্রলীগ' সন্ত্রাসীদের হামলার নিন্দা ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। মঙ্গলবার রাজধানীর শান্তিনগরের কাছে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন হাবিব।
বৈঠকে হাতিরঝিলে বিজেএমইএ ভবন ভেঙে ফেলার বিষয়টি নিয়ে আলোচনা হয়। নজরুল ইসলাম খান জানান, এই ভবনটি ভেঙে ফেলা হলে তা জাতীয় স্বার্থে ক্ষতিকর প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। এটা দেশের গার্মেন্টস শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে রাতে সোয়া ৮টায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসে। চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
১৯ সদস্যের স্থায়ী কমিটির সদস্যের মধ্যে বৈঠকে তরিকুল ইসলাম ও সারোয়ারি রহমান অনুপস্থিত ছিলেন। এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন রয়েছেন।
মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গত ১৬ মার্চ মারা যাওয়ায় বর্তমানে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা ১৮।
স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয় গত বছরের ১ ডিসেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৩৮ ঘ.
bdnews24