মানিকগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রামে ক্ষমতাসীন দলের কর্মী নামধারী সন্ত্রাসীরা একটি সংখ্যালঘু বাড়িতে অগ্নিসংযোগ করে পরিবারের সদস্যদের উচ্ছেদের চেষ্টা চালিয়েছে।
সন্ত্রাসীরা মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই বাড়িতে হামলা চালিয়ে ঘর ও কালী মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়িটির পাশ্ববর্তী উকিয়ারা বাজারে দোকান পাট বন্ধ হয়ে যায়। লোকজন প্রাণভয়ে ছুটতে থাকে।
সন্ত্রাসীরা স্থানীয় একজন সাংবাদিককে বেদম প্রহার করে। ঘটনার তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে যায়।
সরকার দলীয় ক্যাডাররা পুলিশের সহায়তা নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে জেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। তারা হামলায় জড়িতদের অবিলম্বে শাস্তি প্রদান এবং সদর থানার ওসি আবু তাহেরের অপসারণ দাবী জানান।
মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও জাতীয় হিন্দু মহাজোট এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা এবং প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সাংসদ জাহিদ মালেক স্বপনের ফুপাতো ভাই ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেনের ক্যাডাররা উকিয়ারা গ্রামে গোসাই মণ্ডলের বাড়িতে এ হামলা চালায়। তারা গোসাই ও তার ভাই শরৎ মণ্ডলকে বাড়ি থেকে উচ্ছেদ করতে ঘর ও কালী মন্দিরে আগুন ধরিয়ে দেয়।
এর ছবি তুলতে গেলে একটি জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধি বিপ্লব চক্রবর্তীকে সন্ত্রাসীরা বেদম প্রহার করে। এ সময় পালিয়ে রক্ষা পান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ।
এ ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসক মুনশী শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জমিটি নিয়ে মামলা চলছে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ তাদের উচ্ছেদ করতে পারে না। এটা সম্পূর্ন বেআইনি।"
পুলিশ সুপার মাসুদ করিম সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, "দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০৪ ঘ.
bdnews24