চট্টগ্রাম, এপ্রিল ০৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাবিক ও তাদের সন্তানদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর।
নগরীর দক্ষিণ হালিশহরে অবস্থিত নাবিক হোস্টেলের কম্পিউটার ল্যাবরেটরিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হবে।
১৫ এপ্রিল থেকে প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন পাটোয়ারি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে নাবিক ও তাদের সন্তানদের জন্য বিনামূল্যে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।
নাবিক কল্যাণ পরিদপ্তরের পরিচালনায় এবং নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ তহবিলের অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হবে।
নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহফুজুল কাদের বলন, এখন জাহাজে সবকিছুই কম্পিউটারে নিয়ন্ত্রণ করা হচ্ছে। নাবিকরা যাতে সহজে তথ্য আদান-প্রদান করে অপারেশন পরিচালনা করতে পারে সে উদ্যেশেই এ প্রশিক্ষণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এইচএ/২১২৫ ঘ.
bdnews24