২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ দিন শুক্রবার তিন উপজেলার ১২ ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ দিন শুক্রবার তিন উপজেলার ১২ ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। বরিশাল বিভাগের দুই জেলার এসব ইউপিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়। এসব এলাকা থেকে বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় শুক্রবার ছিলো সাধারণ ছুটি। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর ও পল্লী) আব্দুল বাতেন জানান, পটুয়াখালীর দুমকী উপজেলার ৩ ইউপি, কলাপাড়ার ৪ ইউপি ও পিরোজপুর জেলার নাজিরপুরের ৫ ইউপিতে শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রথম দফার নির্বাচনে বৃহস্পতিবার তিন বিভাগের আট জেলার ১৪ উপজেলার ১২৫টি ইউনিয়নে, বুধবার দ্বিতীয় দিনে ৪ উপজেলার ২৪টি ইউনিয়নে এবং মঙ্গলবার প্রথমদিন উপকূলীয় ২৪ উপজেলার ১৮৭ ইউপিতে ভোট হয়। এ পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে পাঁচ দিনব্যাপী এই নির্বাচন মঙ্গলবার শুরু হয়। এ নির্বাচন চলবে ৩ এপ্রিল পর্যন্ত। শনিবার ৭ জেলার ১১ উপজেলায় ৮০ ইউপি এবং শেষ দিন রোববার ৮ জেলার ১৫ উপজেলায় ১৩২ ইউপিতে নির্বাচন হওয়ার কথা। প্রথম দফা এ নির্বাচনের পর সাড়ে চার হাজার ইউপির বাকিগুলোতে মে-জুন মাসে দ্বিতীয় দফা নির্বাচন করার পরিকল্পনা রয়েছে ইসির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/কেএমএস/এএল/১৭৩৮ ঘ.