২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিকলেন এখন 'কারি ক্যাপিটাল'

যুক্তরাজ্যে বাঙালির প্রাণকেন্দ্র ব্রিকলেন বিশ্বের দরবারে আনুষ্ঠানিকভাবে 'কারি ক্যাপিটাল-২০১২' হিসেবে পরিচিতি পেলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে বাঙালির প্রাণকেন্দ্র ব্রিকলেন বিশ্বের দরবারে আনুষ্ঠানিকভাবে 'কারি ক্যাপিটাল-২০১২' হিসেবে পরিচিতি পেলো। বুধবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পূর্ব লন্ডনের বাংলাটাউনের এই এলাকাটিকে 'কারি ক্যাপিটাল' ঘোষণা করে। এ উপলক্ষে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সমন্বয় কমিশনের চেয়ারপারসন ডেনিস অসওয়ার্ল্ড ও লন্ডন অলিম্পিক কমিটির চেয়ার লর্ড সেব কো ব্রিকলেনে আসেন। স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমান ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিকলেনের নতুন স্বীকৃতি যে চুক্তির আওতায় এসেছে একই চুক্তি বারার অধিবাসীদের অলিম্পিকের সুফল ভোগ করার সুযোগ করে দিয়েছে। বিশেষ করে ব্যবসা, কর্মসংস্থান, শিক্ষা-সংস্কৃতি ক্ষেত্রে লাভবান হবেন তারা। অলিম্পিকের নতুন এক হাজার চাকরিতে তারা পাবেন অগ্রাধিকার। শুধু তাই নয় টাওয়ার হ্যামলেটসের স্কুল শিক্ষার্থীদের দেওয়া হবে বিনামূল্যে অলিম্পিক টিকিট। অলিম্পিক উপলক্ষে আগামী বছর ১০ লাখেরও বেশি বিদেশি পর্যটক লন্ডনে আসবেন- এমনটিই আশা করা হচ্ছে। আসবেন নানা দেশের গণমাধ্যম কর্মী ও অতিথি। তাদের অভ্যর্থনা জানাতে ব্রিকলেনকে সাজানো হবে নতুন সাজে। ব্রিকলেনের প্রায় ৫০টি রেস্তোরাঁ, যার অধিকাংশই বাংলাদেশি মালিক বা বাংলাদেশিদের মাধ্যমে পরিচালিত- থাকবে দারুণ জমজমাট। এসব রেস্তোরাঁর মুখরোচক বাংলাদেশি রান্নার স্বাদ ছড়িয়ে পড়বে বিশ্বময়। বুধবার আনুষ্ঠানিক ঘোষণার পরেই বাংলাটাউনের ব্রাডি সেন্টারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন অলিম্পিক কমিটির কর্মকর্তারা। প্রিন্সেস এ্যানও যোগ দেন সেই অনুষ্ঠানে। আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান অনুষ্ঠান শেষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান বলেন, বিশ বছর আগের ব্রিকলেন ও বর্তমানের ব্রিকলেনের মধ্যে অনেক পার্থক্য। অলিম্পিক উপলক্ষে ব্রিকলেনের শোভা বর্ধনের জন্য আরো উদ্যোগ নেওয়া হচ্ছে। "রেস্তোরাঁ ব্যবসায়ীরা চার বিলিয়ন পাউন্ডের অবদান রাখছেন ব্রিটিশ অর্থনীতিতে। ব্রিকলেনের ব্যবসায়ীরাও পিছিয়ে নেই। ব্রিকলেনের পরিচিতি এখন ছড়িয়ে পড়বে বিশ্বের সর্বত্র", যোগ করেন তিনি। লন্ডন অলিম্পিক কমিটির চেয়ার লর্ড সেব কো বলেন, "লন্ডনে ২০১২ অলিম্পিক গেমস হবে এক সাড়া জাগানো আয়োজন। আর এই আয়োজনকে সফল করে তুলতে টাওয়ার হ্যামলেটস ও অন্য অংশীদারদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।" এদিকে কারি ক্যাপিটাল হিসেবে অনুষ্ঠানিক ঘোষণার পর ব্রিকলেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা বৃদ্ধিতেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/১৭১৪ ঘ.