যশোর, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে যাত্রীবাহী ট্রেনের একটি বগিতে আগুন লেগে একজন দগ্ধ ও চার যাত্রী আহত হয়েছেন।
যশোর রেল স্টেশন মাস্টার গাজী আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের বারি নগর পৌঁছলে ক্যান্টিনের বগিতে আগুন লাগে। এতে ক্যান্টিনের বাবুর্চি বাবলু (৪৮) দগ্ধ হন।
ট্রেন যাত্রী চুয়াডাঙ্গার জ্বালানী তেল ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের রান্না বসিয়ে ক্যান্টিনের কর্মীরা আড্ডা দিচ্ছিল। হঠাৎ আগুন ধরে যাওয়ায় ক্যান্টিনে থাকা ৫/৭ জন যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। তাদের মধ্যে ৪ জন আহত হন।
ক্যান্টিন ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান, "চেইন টেনে বারি নগরে ট্রেন থামিয়ে পানি ঢেলে আগুন নেভানো হয়। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।"
অগ্নিদগ্ধ বাবুর্চি বাবলুকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি পাবনা সদর উপজেলার চাটমোহর গ্রামে।
ক্যান্টিনে রান্নার জন্য ব্যবহৃত কেরোসিনের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০২৫ ঘ.
bdnews24