২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোরহানউদ্দিনে ব্যালট ছিনতাই, ভোট স্থগিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ভোলা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে। বড় মানিকা ইউনিয়নের উত্তর পূর্ব বাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টার দিকে এক দল সন্ত্রাসী ব্যালট পেপার ছিনতাই করে। এরপরই ভোট বন্ধ করে দেওয়া হয় বলে সাংবাদিকদের জানান প্রিজাইডিং কর্মকর্তা কামাল হোসেন। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটাররা দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে। এদিকে একই উপজেলার টবগী ইউনিয়নের ৬ নম্বর কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের জন্য আলমগীর ও রুবেল নামে দু'জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযোগে সাচড়া ইউনিয়নে তিন জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলম চৌধুরীর ছেলে সিয়াম চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়। পরে ১ হাজার টাকা জরিমানা দিয়ে তিনি ছাড়া পান। অপরদিকে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর কেন্দ্রে জামাল, মানিক ও আব্দুল হাই নামে তিন জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয় এবং একই অভিযোগে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ৫ নম্বর কেন্দ্রে আইউব আলী নামে এক জনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভোলার পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) বশির আহমেদ সাংবাদিকদের জানান, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর কেন্দ্রে দুই ইউনিয়ন পরিষদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় দুপুর ২টার দিকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। পরে ৩টার দিকে আবারো ভোট গ্রহণ শুরু হয়। পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭৫৫ ঘ.