২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বললেন মাহমুদুল-আমীর

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আপিল আবেদনের শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে বলেছেন মাহমুদুল ইসলাম ও আমীর উল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 02:47 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আপিল আবেদনের শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে বলেছেন মাহমুদুল ইসলাম ও আমীর উল ইসলাম। এ মামলার অ্যামিকাস কিউরি হিসেবে বৃহস্পতিবার এ দুই আইনজীবী আপিল বিভাগে তাদের বক্তব্য তুলে ধরেন। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হয়। বাংলাদেশে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবশ্যকতা তুলে ধরে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম বলেন, এ ব্যবস্থা বাতিল হলে দেশে সামরিক শাসন আসবে। তিনি বলেন, ১৯৭৭ সালে পাকিস্তানে একটা নির্বাচন হয়েছিলো। জুলফিকার আলী ভুট্টো ওই নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। পরে ওই নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিয়াউল হক ক্ষমতা দখল করে। "আমাদের মাগুরার নির্বাচন নিয়েও এ রকম অভিযোগ উঠেছিলো। কিন্তু আমাদের এখানে সামরিক শাসনের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছে", বলেন মাহমুদুল। তিনি বলেন, "এদেশে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে অন্য কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। এ ব্যবস্থার মাধ্যমেই একমাত্র গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। অপপ্রয়োগের কারণে কোনো ব্যবস্থা বাতিল করা ঠিক হবে না।" ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে যোগ হয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি। তৎকালীন বিএনপি সরকারের অধীনে বিরোধী দলগুলো নির্বাচন না করতে চাওয়ায় অন্তর্বর্তীকালীন এ সরকার পদ্ধতি আসে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমীর-উল ইসলাম বলেন, "অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এ ব্যবস্থা আনা হয়েছে। ত্রয়োদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামো ও গণতান্ত্রিক চরিত্রের সঙ্গে সাংঘর্ষিক নয়।" বাংলাদেশের মূল সংবিধানেও অন্তর্বর্তীকালীন সরকারের একটি ধারণা রয়েছে বলে জানান সাবেক এ সংসদ সদস্য। বিধান অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন বিদায়ী প্রধান বিচারপতি। যা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছে বলে অনেকে মনে করছেন। এ ব্যবস্থা বিচার বিভাগের মৌল চেতনার সঙ্গে সাংঘর্ষিক কি-না আদালতের এ জিজ্ঞাসার জবাবে আমীর বলেন, "এটা বিচার বিভাগের পৃথকীকরণের সঙ্গে সম্পর্কিত। মৌল চেতনার সঙ্গে নয়।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে বিচার বিভাগকে পৃথক করা উচিত কি-না- আদালত জানতে চাইলে তিনি বলেন, "এটি বিবেচনা করার দায়িত্ব সংসদের।" গত ১ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত আপিল আবেদনের শুনানি শুরু হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ কয়েকজন হাইকোর্টে রিট আবেদন করেন। ২০০৪ সালে হাইকোর্ট রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ বলে ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রিট আবেদনকারী পক্ষ। রিট আবেদনকারী সলিম উল্লাহ মারা যাওয়ায় বর্তমানে মো. আব্দুল মান্নান খান ওই রিটের বাদি হিসাবে রয়েছেন। আপিলের শুনানিতে এর আগে ড. কামাল হোসেন, টিএইচ খান, ব্যারিস্টার রফিক উল হক, ড. এম জহির অ্যামিকাস কিউরি হিসাবে বক্তব্য দিয়েছেন। এ মামলায় অ্যামিকাস কিউরি হিসাবে অন্যদের মধ্যে রয়েছেন- রোকন উদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি ও ফিদা এম কামাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.