ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার শুষ্ক মৌসুমে রাজধানীতে পানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ওয়াসা।
সংস্থাটি বলছে, সংকট না হলে পানি বিতরণ ব্যবস্থাপনায় আগের বারের মতো সেনা সদস্য নামানোরও প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার রাজধানীতে পানি সংকটের কোনো আশঙ্কা না থাকায় বিগত বছরের মতো ওয়াসার পানির পাম্পের নিরাপত্তা ও বিতরণ ব্যবস্থাপনায় সেনা সদস্যদের সহায়তা লাগবে না।"
গত বছরের ৭ এপ্রিল রাজধানীতে এ কাজে সেনাবাহিনী নামানো হয়েছিলো।
তাকসিম জানান, রাজধানীতে ৫৭৭টি গভীর নলকূপ থেকে পানি উত্তোলনে যেন সমস্যা না হয় সেজন্য পাম্পগুলোতে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। এজন্য বিকল্প ফিডার থেকে সংযোগ নেওয়া হয়েছে।
কাজেই লোড শেডিং হলেও এবার পানির সংকট থাকবে না বলে দাবি করেন ব্যবস্থাপনা পরিচালক।
গত ২ বছরে ওয়াসার ৬৪টি গভীর নলকূপ স্থাপন ও ৭৫টি প্রতিস্থাপন করার কথা জানিয়ে তিনি বলেন, "ওয়াসার পানি উৎপাদনের অবস্থা অনেক উন্নত হয়েছে।"
তিনি জানান, বর্তমানে রাজধানীতে প্রতিদিনের পানির চাহিদা ২২০ কোটি লিটার। বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকলে ১৯০ কোটি লিটার পানি উৎপাদন করতে পারে ওয়াসা।
ঘাটতির বিষয়ে জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, "গড়ে ২০ কোটি লিটার পানি ঘাটতি থাকলেও তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু এর বেশি হলেই সমস্যা দেখা দেয়।"
ওয়াসার পাম্প চালু রাখতে ২০০টি জেনারেটর কেনার কথা থাকলেও তা হয়নি বলে জানান তাকসিম এ খান।
তিনি বলেন, "বিভিন্ন সমস্যায় এগুলো কেনা হয়নি। তবে জেনারেটর না থাকলেও কোনো সমস্যা হবে না। বিকল্প ব্যবস্থা করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/জেকে/১৭১১ ঘ.
bdnews24