ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ভূমিকম্পের কারণে জাপানে তেজস্ক্রিয়া দেখা দেওয়ায় আন্তর্জাতিক বাজারে গুঁড়োদুধের দাম বেড়েছে, আর তার প্রভাব পড়েছে বাংলাদেশে।
গুঁড়োদুধের দাম বাড়লেও ডিও (ডেলিভারি অর্ডার) প্রথা বাতিল করায় ভোজ্যতেল ও চিনির দাম দেশের বাজারে কমতে শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক মাসে বিভিন্ন ধরনের গুঁড়োদুধের দাম ৪ দশমিক ২১ শতাংশ পর্যন্ত বেড়েছে।
জাপান থেকে বাংলাদেশ গুঁড়োদুধ আমদানি না করলেও তা বাড়ছে কেন- বৃহস্পতিবার সাংবাদিকদের এ প্রশ্নে ফারুক খান বলেন, "চেরনোবিলে দুর্ঘটনার সময়ও আমরা রাশিয়া থেকে গুঁড়োদুধ আমদানি করতাম না। তারপরও তখন গুঁড়োদুধের দাম বেড়েছিলো।"
জাপানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সমস্যা দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে গরুর দুধেও সামান্য মাত্রায় তেজস্ক্রিয়া ধরা পড়েছে।
ফারুক খান বলেন, তেজস্ক্রিয়ার প্রভাবমুক্ত খাদ্য আমদানির বিষয়ে সরকার সচেতন রয়েছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের বিষয়ে তিনি বলেন, "ইতোমধ্যে ভোজ্যতেল ও চিনির দাম কমতে শুরু করেছে। আগামীতে আরো কমবে।"
আন্তর্জাতিক বাজারে দাম হ্রাস এবং ডিও প্রথা বাতিল করার কারণেই এসব পণ্যের দাম কমতে শুরু করেছে বলে জানান তিনি।
টিসিবির হিসাবে, গত এক মাসে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১ দশমিক ৮৮ শতাংশ এবং পাম তেলের দাম ৪ দশমিক ৬৬ শতাংশ কমেছে।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে চীনের ইউনান প্রদেশের ভাইস গভর্নর মি লি জিয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, "চীনের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ স্থাপন এবং বাণিজ্য বৃদ্ধির বিষয়ে কথা হয়েছে। আমরা ইতোমধ্যে এশিয়ান হাইওয়েতে যুক্ত হওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছি। এতে মিয়ানমার হয়ে চীনের কুনমিং প্রদেশের সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগ স্থাপন হবে।"
"এছাড়া চীন তাদের দেশে ৪ হাজার ৭০০টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। এতে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়বে", বলেন তিনি।
২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ চীন থেকে ৩৮১ কোটি ৯২ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। এর বিপরীতে বাংলাদেশ চীনে রপ্তানি করেছে মাত্র ১৭ কোটি ৮৬ লাখ ডলারের পণ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/১৪৪৪ ঘ.
bdnews24