নারায়ণগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানা বন্ধ করা নিয়ে নারায়ণগঞ্জে একটি প্রতিষ্ঠানের দু'টি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় মাইক্রো ফাইবার গ্র"পের 'লিবার্টি নিটওয়্যার লিমিটেড' ও 'মিডল্যান্ড নিটওয়্যার লিমিটেড'-এ সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠিপেটায় মহিলাসহ অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছে।
এর আগে শ্রমিক অসন্তোষের জেরে কর্র্তৃপক্ষ কারখানা দু'টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে শ্রমিকেরা কাজে এসে জানতে পারে কারখানা দু'টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে কর্তৃপক্ষ।
বিক্ষুব্ধ শ্রমিকরা তাৎক্ষণিকভাবে কারখানার সামনে বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা মিছিল নিয়ে ফতুল্লা শিল্পাঞ্চলের তক্কার মাঠ এলাকায় জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এরপর বিক্ষুদ্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শ্রমিকরা পুলিশের প্রতি ইটপাটকেল ছোড়ে।
পুলিশ লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
লাঠিপেটায় আহত শ্রমিকের মধ্যে রয়েছেন- জামান মিয়া, কলিমউদ্দিন, হাজেরা বেগম, সাজেদা খাতুন, সুমাইয়া আক্তার, আবুল কাশেম, আবু সিদ্দিকসহ অন্তত ১৫ জন।
আহতদের নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রমিক সাজেদা খাতুন, আমান উল্লাহ ও আবু সিদ্দিক জানান, সোমবার কারখানা কর্র্তৃপক্ষ শ্রমিকদের রাত ১০টার মধ্যে একটি কাজ শেষ করতে টার্গেট বেঁধে দেয়। রাত ৯টার মধ্যেই কাজটি শেষ করে শ্রমিকেরা চলে যায়।
পরদিন শ্রমিকদের চারঘণ্টা ওভারটাইমের টাকা দিলে তারা রাত ১০টা হিসাবে পাঁচঘণ্টার ওভার টাইম দাবি করে।
মালিকপক্ষ এতে রাজি না হলে রাত ৯টার পর শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
মাইক্রোফাইবার লিমিডেট গ্র"পের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক শাহাদাত হোসেন খান জানান, শ্রমিকরা অযৌক্তিকভাবে কাজের সময়ের চেয়ে বেশি ওভারটাইম দাবি করছিল। তারা কর্মবিরতি পালন করে। সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসলেও দাবিতে অনঢ় থাকে।
বিকেএমইএ'র লেবার অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জিএম ফারুক জানান, বিষয়টি মীমাংশার জন্য মঙ্গলবার সন্ধ্যায় সমঝোতা বৈঠকে বসলেও শ্রমিকরা তাদের সিদ্ধান্তে অনঢ় থাকে। শ্রমিকদের দাবি সম্পূর্ণ অযৌক্তিক বলে তিনি দাবি করেন।
ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট রিয়াজুল কবীর জানান, শ্রমিকরা কাজের সময়ের চেয়ে বেশি ওভারটাইম দাবি করায় মালিকপক্ষের সঙ্গে বিরোধ হয়। এর জেরে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান দু'টি বন্ধ ঘোষণা করে।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৯ ঘ.
bdnews24