ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১০ থেকে ২১ এপ্রিল সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ের জন্য বেঞ্চ গঠন করা হয়েছে।
অবকাশকালীন সময়ে আসা জরুরি বিষয়গুলোর শুনানি ও নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি এই বেঞ্চ গঠন করেন বলে বুধবার এক তথ্যবিবরণীতে জানানো হয়।
এতে বলা হয়, অবকাশকালীন সময়ে বিচারপতি মো. এমদাদুল হক আগামী ১১, ১৩, ১৭, ১৮ ও ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে সোয়া একটা পর্যন্ত এনেক্স ভবনের ৮ নম্বর বিচারকক্ষে একক বেঞ্চে বসবেন।
বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম এবং বিচারপতি এ এন এম বশিরউল্লাহ ১১ থেকে ১৩ এবং ১৮ থেকে ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে সোয়া একটা পর্যন্ত এনেক্স ভবনের ২৯ নম্বর বিচারকক্ষে দ্বৈত বেঞ্চে বসবেন।"
উভয় বেঞ্চে গ্রহণযোগ্য জরুরি বিষয়গুলোর শুনানি ও নিষ্পত্তি করা হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
এছাড়া অবকাশকালীন সময়ে কয়েকটি দ্বৈত বেঞ্চ ১৯৯৯ সাল পর্যন্ত দায়ের হওয়া ও শুনানির জন্য অপেক্ষমান ফৌজদারী আপিল মামলার শুনানি ও নিষ্পত্তি করবে।
সুপ্রিম কোর্টের নিবন্ধক মো. আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অবকাশ ১০ থেকে ২১ এপ্রিল হলেও সাপ্তাহিক ছুটির কারণে আসলে তা ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২১০৮ ঘ.
bdnews24