ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের অধিকার নিশ্চিতে শ্রম আইন সংশোধন ও এর কার্যকর প্রয়োগের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সেইসঙ্গে শ্রম আদালতকে শক্তিশালী করার সুপারিশ করেন তারা।
বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টডিজ-বিল্স আয়োজিত 'শ্রম ইস্যু বিষয়ক রিপোর্টিং: শ্রমিক অধিকার ও শ্রম আইন-২০০৬' শীর্ষক কর্মশালায় তারা এ তাগিদ দেন।
শ্রম আইন বিশেষজ্ঞ নির্মেলেন্দু ধর বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় শ্রম আদালতকে জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে। একই সঙ্গে এই আদালতকে আরো বেশি সক্রিয় করার আহ্বান জানান তিনি।
বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত না করতে শ্রম আদালতের আইনজীবী ও বিচারকদের প্রতি অনুরোধ জানান তিনি।
আরেক শ্রম আইন বিশেষজ্ঞ এ কে এম নাসিম শ্রম আদালতকে শক্তিশালী করার পাশাপাশি শ্রম আইন সংশোধনেরও তাগিদ দেন।
বিদ্যমান শ্রম আইনে ন্যায্য বিচার পেতে শ্রমিকদের অনেক ভোগান্তি পোহাতে হয় বলেও অভিযোগ করেন নাসিম।
শ্রমিক নেতা মেসবাহ উদ্দিন আহমেদ মালিক পক্ষ ও ট্রেড ইউনিয়ন নেতাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরো বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
তার মতে, এতে শ্রমিক অসন্তোষ অনেক কমে যাবে।
ধানমণ্ডির বিল্স মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় বিল্স-এর মহাসচিব ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান ও বিল্স'র চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ বক্তব্য রাখেন।
এছাড়া কর্মশালায় দুটি অধিবেশন পরিচালনা করেন দৈনিক সকালের খবর সম্পাদক রাশীদ উন নবী ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ'র এডিটর (আউটপুট) প্রণব সাহা ।
কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন সাংবাদিক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২১৩৯ ঘ.
bdnews24