বরিশাল, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলার সোলক ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করায় তিন জনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে এ দণ্ডাদেশ দেন নির্বাচনী দায়িত্বে থাকা বিচারিক হাকিম আবুল কালাম আজাদ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সোলক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ফারুক হোসেন হাওলাদার, তার সমর্থক হুমায়ুন কবির ও গোলাম মোস্তফা।
উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শামিম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকালে ভোটকেন্দ্রে সংঘর্ষের পর রাত ৮টার দিকে ফারুক হোসেন, হুমায়ুন ও মোস্তফাকে আটক করে পুলিশ। এর কিছুক্ষণ পরেই ভ্রাম্যমাণ আদালত তাদের দণ্ড ঘোষণা করেন।
বুধবার সকালে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার বিকালে সোলক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সময় দক্ষিণ ধামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফারুকের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ বাধা দেওয়ায় এই সংঘর্ষ ঘটে।
ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৮ রাউন্ড গুলিবর্ষণ করে। সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্যসহ ৫০ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৩০ ঘ.
bdnews24