নারায়ণগঞ্জ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক্তারের সঙ্গে অসদাচরণের অভিযোগে নারায়ণগঞ্জ হাসপাতালের দন্ত বিভাগের এক টেকনিশিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে রোগীরা।
মঙ্গলবার দুপুরে শহরের খানপুরে অবস্থিত ২শ' শয্যার এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বিক্ষোভ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হাসপাতালের দন্ত বিভাগে চিকিৎসা নিতে আসেন বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার ঝর্ণা আক্তারসহ কয়েকজন রোগী।
দন্ত বিভাগের সিনিয়র কনসালটেন্ট ফাহিম ইকবাল রোগী ঝর্না আক্তারকে দেখেন এবং তার দাঁতে রুটে ক্যানেল করার জন্য টেকনিশিয়ান আক্তারুজ্জামানের কাছে পাঠান।
আক্তারুজ্জামান রোগীর রুট ক্যানেলের কাজ অর্ধেক করে শরীর ভাল লাগছে না বলে তার বিছানায় শুয়ে পড়েন।
ওই সময় অপেক্ষামান রোগীদের তাড়ায় ডা. ফাহিম ইকবাল টেকনিশিয়ান আক্তারুজ্জামানকে দ্রুত কাজ শেষ করতে বলেন।
আক্তারুজ্জামান কাজ করতে অপারগতা প্রকাশ করলে ডা. ফাহিম ইকবালের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ রোগীরা টেকনিশিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ এবং তার অপসারণ দাবি করে।
রোগী ঝর্না আক্তার সাংবাদিকদের বলেন, দাঁতের রুট ক্যানেল করানোর জন্য সকালে তিনি হাসপাতালে যান। অর্ধেক কাজ করার পর টেকনিশিয়ান আক্তারুজ্জামান শরীর খারাপের কথা বলে তার বিছানায় শুয়ে পড়েন।
দীর্ঘক্ষণ তাকে হাসপাতালে বসে থাকতে হয়েছে বলে জানান ঝর্না।
রোগী সামসুন নাহার, আব্দুল ওয়াহেদ অভিযোগ করেন, আকতারুজ্জামান হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা অজুহাত দেখিয়ে তার নিজের ডেন্টাল ক্লিনিকে যেতে বাধ্য করেন।
তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করেন বলেও তারা অভিযোগ করেন।
দন্ত বিভাগের সিনিয়র কনসালটেন্ট ফাহিম ইকবাল জানান, "আক্তারুজ্জামান রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। রোগী দেখার জন্য বললে আমাকে হত্যার হুমকি দেন।
"আমার অনুপস্থিতিতে টেকনিশিয়ান হয়েও তিনি ডাক্তারের চেয়ারে বসে রোগী দেখেন এবং প্যাডে রোগীদের ওষুধ লিখে দেন।"
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৬ ঘ.
bdnews24