২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি কার্যালয় প্রযুক্তিসজ্জিত করতে ২০ কোটি টাকা বরাদ্দ

সারাদেশে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তিসজ্জিত করতে ২০ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তিসজ্জিত করতে ২০ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এই অর্থ দিয়ে কম্পিউটার, জেনারেটর ও মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ বিভিন্ন সরঞ্জাম কেনা হবে। প্রত্যেক জেলা প্রশাসক মঞ্জুরি হিসেবে ৩১ লাখ ৭০ হাজার টাকা করে পাবেন। সংস্থাপন মন্ত্রণালয় এই মঞ্জুরির বিষয়ে পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের বাজেট ও অডিট শাখা থেকে সোমবার এ প্রজ্ঞাপনগুলো জারি করা হয়। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আগামী ৩০ জুনের মধ্যে এসব সরঞ্জাম কিনতে হবে। কেনার পর অর্থ অবশিষ্ট থাকলে ৩০ জুনের আগেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তা ফেরৎ পাঠাতে হবে। বরাদ্দের অর্থ দিয়ে প্রত্যেক জেলা প্রশাসক কার্যালয়ের জন্য একটি জেনারেটর, ২০টি কম্পিউটার, ১০টি প্রিন্টার, দুটি রঙিন টেলিভিশন, একটি ডিজিটাল ক্যামেরা, একটি ডিজিটাল ডুপ্লিকেটিং মেশিন, ছয়টি ফটো কপিয়ার মেশিন, দুটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, দুটি পিএ সিস্টেম এবং একটি ২৪ লাইনের ইন্টারকম সিস্টেম কেনা ও স্থাপন করতে বলা হয়েছে। এর মধ্যে জেনারেটরের জন্য এক লাখ, ২০টি কম্পিউটারের জন্য ১২ লাখ, ১০টি প্রিন্টারের জন্য দুই লাখ, দুটি টেলিভিশনের জন্য ৮০ হাজার, একটি ডিজিটাল ক্যামেরার জন্য ২০ হাজার, একটি ডিজিটাল ডুপ্লিকেটিং মেশিনের জন্য তিন লাখ, ছয়টি ফটো কপিয়ার মেশিনের জন্য নয় লাখ, দুটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের জন্য দুই লাখ, দুটি পিএ সিস্টেমের জন্য ২০ হাজার এবং একটি ২৪ লাইনের ইন্টারকম সিস্টেমের জন্য এক লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ চলতি অর্থবছরের সংশোধিত বাজেট থেকে ব্যয় করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/২১৪৭ ঘ.