২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা নিয়ে কিশোরদের ঝগড়া, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

কিশোরগঞ্জ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক জন নিহত হয়েছে। সোমাবার দুপুরে হাওর উপজেলা মিটামইনের কেওয়ারজোড় ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। নিহত সাদ্দাম হোসেনের (২৪) বাড়ি তিলিখাই গ্রামে। তার গ্রামের বাসিন্দাদের সঙ্গে পাশের গ্রাম কান্দিবাড়ির লোকজনের সংঘর্ষ হয়। মিটামইন থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তিলিখাই ও কান্দিবাড়ি গ্রামের দুই দল কিশোরের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে দুপুরে তেলিকান্দি গ্রামের মাহতাবউদ্দিন ও কান্দিবাড়ি গ্রামের রোকন ভূঁইয়ার অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে সাদ্দাম ঘটনাস্থলেই মারা যান বলে জাহাঙ্গীর জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি। আহতদের মধ্যে তিলিখাই গ্রামের গুলিবিদ্ধ রুবেল (২৫), সুরুজ ভূইয়া (৫০), মাসুদ ভূইয়াকে (৪২) কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের বিবাদে আহত এক জন মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন। স্বাধীনতা দিবসে শুক্রবার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের বারোয়ানী গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদে আহত হন আনোয়ার হোসেন (২৫)। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৬২০ ঘ.