খুলনা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ রুবেল (৩০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকালে খুলনা মহানগরীর শেরেবাংলা রোডে এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান।
রুবেল সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সহোদর এবং শেখ আবু নাসেরের ছোট ছেলে।
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আমিনুল হক জানান, সকাল ৭টার দিকে রুবেল নগরীর শেরেবাংলা রোডের বাসা থেকে বের হয়ে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।
কিছুদূর যাওয়ার পর আমতলা মোড়ে একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে গাড়িটির সঙ্গে সজোরে রাস্তার পাশে একটি গাছের ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে নগরীর একটি ক্লিনিকে নিয়ে যায়।
পরে বেলা ১২টার দিকে তাকে ঢাকা থেকে পাঠানো একটি হেলিকপ্টারে ঢাকায় স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24