২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটায় নির্বাচনী সংঘর্ষে আহত ১০০

বরগুনার পাথরঘাটা উপজেলায় দুই ইউনিয়নে নির্বাচন নিয়ে তিন চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত একশ' জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

বরগুনা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার পাথরঘাটা উপজেলায় দুই ইউনিয়নে নির্বাচন নিয়ে তিন চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত একশ' জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ চলাকালে চারজন কর্মীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করছেন এক চেয়ারম্যান পদপ্রার্থী। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ সংঘর্ষ চলে বলে স্থানীয়রা জানায়। উপজেলার কাঠালতলী ইউনিয়নের বিএনপি সমর্থিত প্রার্থী মো. হাবিবুর রহমান, চরদুয়ানীর বিএনপি সমর্থিত মো. কামরুল ইসলাম এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাফিজ উদ্দিন ফিরোজের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি ঘরবাড়ি ভাংচুরও করা হয়। আহতদের মধ্যে গুরুতর ১৭ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন- চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাবিবুর রহমান, তার সমর্থক এমাদুল, বাবুল, তোতা মেকার, মাসুম, হাবিব, চুন্নু, পান্না, ছগির, লিটন, মিজান, আফজাল, রাজু, বাদল, কবির, মাসুদ, আসাদ, মোস্তফা, রহমান, রাজিব ও সুলতান। হাফিজ উদ্দিন ফিরোজের সমর্থক আইউব আলী, রনি, বনি, মিলন, নজরুল, আবু বিশ্বাস, মজিবর, দেলোয়ার, দুলাল, রহিম ও রফিক। মো. কামরুল ইসলামের সমর্থক জাকির হোসেন, আলমগীর, সেলিম, রফিকুল ও শফিকুল। বাকিদের নাম জানা যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী চরদুয়ানী বাজারের সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, সকাল ১০টার দিকে চরদুয়ানী গ্রামে ফিরোজের কর্মীরা ভোট চাইতে গেলে কামরুলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এর জেরে পাশের কাঠালতলী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমানকে চরদুয়ানী বাজারে এলে তার মোটরসাইকলেচালক এমাদুলকে আরেক প্রার্থী হাফিজ উদ্দিন ফিরোজের লোকজন আটক করে। এর জেরে ফিরোজ ও হাবিবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত একশ' সমর্থক আহত হয়। স্থানীয় সংসদ সদস্য গোলাম সবুর টুলুর সহযোগিতায় সন্ধ্যা ৬টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চরদুয়ানী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই নির্বাচনকে ঘিরে প্রতিদিনই পাথরঘাটার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। ভোট গ্রহণের দিন সেনাবাহিনীর নিয়োগ করা না হলে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সংঘর্ষ চলাকালে তার কর্মী দক্ষিণ চরদুয়ানী গ্রামের রবি, সাইকুল ইসলাম, কবির হোসেন ও জাকির হোসেনকে অপহরণ করা হয়েছে বলেও কামরুল দাবি করেন। পাথরঘাটা থানার ওসি মো. বেলায়েত হোসেন সংঘর্ষের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনো পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। তিনি আরো বলেন, দিন দিন পরিস্থিতির যে অবনতি হচ্ছে তাতে বিদ্যমান পুলিশ ফোর্স দিয়ে এর মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা অবনতির ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, বর্তমান পরিস্থিতি যেমনই থাক না কেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৩ ঘ.