নওগাঁ, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষকরা নিজের গাঁটের পয়সা খরচ করে বিদ্যুতের লাইন টেনেছেন। কিন্তু এখনো সংযোগ পাননি। ফলে চলতি বোরো মৌসুমে তাদের সেচ কাজ ব্যহত হচ্ছে।
নওগাঁর রাণীনগর উপজেলার দক্ষিণ আতাইকুলা বিলের কৃষকদের অভিযোগ, লাইন টানায় অনিয়ম আর ত্র"টির 'অজুহাত' দেখিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না। কৃষকরা অবিলম্বে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
আতাইকুলা বিলে ১০টি প্রকল্পের আওতায় প্রায় এক হাজার বিঘা বোরো জমি রয়েছে।
বিলের পাশের মিরাট গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম, আতাইকুলা গ্রামের সানোয়ার হোসেন ও কুজাইল গ্রামের সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালে তত্ত্ববধায়ক সরকারের সময় আতাইকুলা বিল ও পাশের ঘোষগ্রাম মাঠের কৃষকরা দুটি মাঠের ২০টি প্রকল্পের আওতায় জমিতে সেচের জন্য বিদ্যুৎ সংযোগের উদ্যোগ নেয়।
এজন্য কৃষকরা পিডিবি'র পরামর্শ ও সহযোগিতায় নিজ খরচে আতাইকুলা ফিডার লাইন থেকে ঘোষগ্রাম পর্যন্ত বিদ্যুতের লাইন নিয়ে আসেন।
এ সময় ওই লাইন থেকে ঘোষগ্রাম-তারানগর মাঠের ১০টি প্রকল্পের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু আতাইকুলা বিলের ১০টি প্রকল্প বিদ্যুৎ সংযোগ থেকে বাদ পড়ে যায়। পিডিবি থেকে বলা হয়, এখানে পরে সংযোগ দেওয়া হবে।
বিদ্যুৎ সংযোগের জন্য স্থানীয় সংসদ সদস্য ইস্রাফিল আলমের সুপারিশ, রাণীনগর উপজেলা সেচ কমিটির ছাড়পত্র এবং নওগাঁ জেলা প্রশাসক মোসাম্মৎ নাজমানারা খানুম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও পিডিবি আতাইকুলা বিলে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না বলে কৃষকরা অভিযোগ করেন।
বরং ঘোষগ্রাম-তারানগর মাঠের ১০টি প্রকল্পে যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিলো পিডিবি তা বিচ্ছিন্ন করে দেয় বলে কৃষকরা দাবি করেন।
সংযোগ বিচ্ছিন্ন করার চার দিন পর কৃষকদের চাপের মুখে পিডিবির আবাসিক প্রকৌশলী আবার সেখানে বিদ্যুতের সংযোগ দেন। এখন সেখানে সেচের কাজ চলছে।
উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাফি বলেন, "এই মাঠে শ্যালো মেশিন চালিত পাম্প দিয়ে সেচ দেওয়া সম্ভব নয়। পানির স্তর এখানে অনেক নীচে নেমে গেছে। যে পরিমাণ পানি আসছে তা জমির জন্য একেবারেই অপ্রতুল।"
তিনি বলেন, "জমিতে ঠিকমতো সেচ দিতে না পারায় ইতিমধ্যে ইরি-বোরো ফসলের মাঠ ফাটতে শুরু করেছে। ফসল বাঁচাতে হলে প্রকল্প এলাকায় অবিলম্বে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন।"
নওগাঁ পিডিবি'র আবাসিক প্রকৌশলী মো. ফেরদৌস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই বিদ্যুৎ লাইন নির্মাণে অনিয়ম হয়েছে। আর এলাকাটি পিডিবি'র নয়।"
তিনি বলেন, "কোনোভাবেই আতাইকুলা বিলের ইরি প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব নয়।"
একই কথা তিনি ২২ মার্চ জেলা প্রসাশনের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত 'জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটি'র সভায়ও বলেন। সেদিন সভায় জেলা সেচ কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক ও রানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল আতাইকুলা বিলের বিদ্যুৎ সংযোগের বিষয়টি উত্থাপন করেন।
তখন জেলা প্রশাসক আবাসিক প্রকৌশলীকে বলেন, "ফসলের কোনো ক্ষতি যেন না হয় তার জন্য কৃষকের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে।"
আতাইকুলা বিলের কৃষক মোকলেছুর রহমান ও সাইদুর রহমান বলেন, "পিডিবি'র সহযোগিতায় কৃষকরা নিজ খরচে লাইন টেনেছেন। যদি লাইন নির্মাণে কোনো অনিয়ম বা ত্র"টি হয়ে থাকে তাহলে তা সংশোধন করে দ্রুত সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া যেত।"
তারা বলেন, "যে লাইন দিয়ে ঘোষগ্রাম মাঠের প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে একই লাইন থেকে আতাইকুলা বিলে সংযোগ দিতে অসুবিধা কোথায়?"
এদিকে প্রকল্প এলাকায় বিদ্যুৎ সংযোগের দাবিতে ২০ মার্চ আতাইকুলা বিলের বেড়ি বাঁধের উপর আশপাশের কয়েকশ' কৃষক সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করেন। জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগ নেতা আব্দুল আরিফ রাঙ্গা, মিরাট ইউপি সদস্য মোসাদ্দেক আলী প্রমুখ বক্তব্য রাখেন।
অবিলম্বে বিদ্যুৎ সংযোগ দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে তারা ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৪২ ঘ.
bdnews24