দিনাজপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলার এজাহার কৌশলে পরিবর্তন করা হয়েছে অভিযোগ এনে এর প্রতিবাদে কয়েকশ' নারী-পুরুষ দিনাজপুরে কোতোয়ালি থানা ঘেরাও করে।
পরে জনতার দাবির মুখে থানা পুলিশ সঠিক এজাহার নেয়।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সদর উপজেলার শশরা ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের কৃষি শ্রমিক আজিজুর রহমান ২২ মার্চ জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ হয়।
২৩ মার্চ রাত সাড়ে ১১টার দিকে জমির আইল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় শহীদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আজিজুরের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সেলিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জমিতে পানি নেওয়াকে কেন্দ্র করে আমার স্বামী আজিজুরকে ২২ মার্চ সকালে শহীদুল কোদালের বাট দিয়ে আঘাত করে হত্যা করে বলে এজাহারে উল্লেখ করি। কিন্তু থানার বিবরণে উল্লেখ করা হয়, বাটের আঘাতে আজিজুর বৈদ্যুতিক মোটরের উপরে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।"
পুলিশ 'কৌশলে বিদ্যুৎস্পৃষ্টের' কথা লিখে নেয় বলে অভিযোগ করেন সেলিনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাবাসী কোতোয়ালি থানা ঘেরাও করে এজাহার পরিবর্তনের প্রতিবাদ ও সঠিক এজাহার লিপিবদ্ধ করার দাবি জানায়।
এসময় কোতোয়ালী থানার ওসি হাসান শামীম ইকবাল গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন, তারা যেভাবে এজাহার দিবেন সেই এজাহারই রেকর্ড করা হবে।
পরবর্তীতে বাদী সেলিনা নতুন করে এজাহার দিলে ওসি সেই এজাহার গ্রহণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ওসি এজাহার পরিবর্তনের কথা অস্বীকার করে সাংবাদিকদের জানান, আগের এজাহারটি বাদীর দেওয়া বিবরণ অনুযায়ী রেকর্ড করা হয়। তারা নতুন করে এজাহারে কিছু পরিবর্তনের দাবি জানালে সেটিই গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৫০ ঘ.
bdnews24