ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, উত্ত্যক্ততা ও যৌন হয়রানির দায়ে গত দুই মাসে সারাদেশে ১৬০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১২ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে সাহারা বলেন, সরকারের ত্বরিত পদক্ষেপে উত্ত্যক্ততা ও যৌনহয়রানি অনেকাংশে কমেছে।
বিকাল সোয়া ৪টার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন মেয়াদের সাজা ও অর্থদণ্ডের জেলাওয়ারি প্রতিবেদন তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় উত্ত্যক্ততার অপরাধে দেশে ৯১টি মামলা ও ১৫০টি জিডি হয়েছে। মোট আসামি ৩৯০ জন। গ্রেপ্তার হয়েছে ২৬০ জন। সাজা হয়েছে ১৬০ জনের এবং ১২ জনকে জরিমানা করা হয়েছে।
প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ছয়টি মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ ৬৩ জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় (ডিএমপিতে) সর্বোচ্চ ৫১ জন।
এছাড়া সিলেট ও বরিশালে ৯, খুলনায় ১৩, চট্টগ্রামে ২, রাজশাহীতে ৩৪ ও ঢাকা রেঞ্জে ৩০ জনের সাজা হয়েছে।
বেসরকারি সদস্যদের বিল ও কমিটির ৫ম প্রতিবেদন
বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু এ কমিটির পঞ্চম প্রতিবেদন উপস্থাপন করেন।
পরিকল্পনা প্রতিবেদন
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি অলি আহমদ।
বৃহস্পতিবার শেষ হচ্ছে নবম সংসদের অষ্টম অধিবেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএস/আরএ/এমআই/১৭২০ ঘ.
bdnews24