চাঁদপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চাঁদপুরের বিচারিক হাকিম শফিউল আজমের আদালত এ আদেশ দেয়।
প্রধান বিরোধী দল বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন গত বছরের ১৪ মার্চ থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা ২২টি মামলার মধ্যে ২১টি মামলায় তিনি জামিন পেয়েছেন।
এই মামলায় রাষ্ট্রপক্ষ মিলনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। অন্যদিকে মিলনের আইনজীবীরা জামিনের জন্য আবেদন জানান।
মিলনের আইনজীবী কাজী মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিমান্ডে নেওয়ার আবেদন আদালত নামঞ্জুর করে তাকে কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। তাকে আগামী ৭ এপ্রিল আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৩৭ ঘ.
bdnews24