ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে অবদানের জন্য ড. নীলিমা ইব্রাহিমসহ ছয় ব্যক্তিকে স্বাধীনতা পদক দিয়েছে সরকার। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মনোনীত এবং তাদের পরিবারের হাতে পদক তুলে দেন।
ছয় ব্যক্তির সঙ্গে সংস্কৃতিতে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন শিল্পী হাশেম খান।
সাত ব্যক্তির পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ পুলিশ এবং শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে।
স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন- গাউস খান, সংঘরাজ জ্যোতিরাজ মহাথের, নীলিমা ইব্রাহিম, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার (এ কে খন্দকার) বীরউত্তম, শহীদ নতুন চন্দ্র সিংহ, এ কে এম শামসুজ্জোহা।
এর মধ্যে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে গাউস খান, সংঘরাজ জ্যোতিপাল মহাথের, নীলিমা ইব্রাহিম, নতুন চন্দ্র সিংহ ও শামসুজ্জোহাকে।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে ১৮ ক্যারেট স্বর্ণের একটি পদক, দুই লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পেয়েছেন।
বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে পুলিশের হয়ে পদক গ্রহণ করেন বাহিনীর মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে নেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
গাউস খানের পক্ষে স্বাধীনতা পুরস্কার নেন তার জামাতা জহীরুল ইসলাম মোহাম্মদ খান। সংঘরাজ জ্যোতিপাল মহাথেরর পক্ষে সংঘরাজ জ্যোতিপাল মহাথের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শীলভদ্র মহাথের পুরস্কার গ্রহণ করেন।
নীলিমা ইব্রাহিমের পক্ষে তার মেয়ে সিতারা আহসানউল্লাহ, নতুন চন্দ্র সিংহের পক্ষে তার ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ, শামসুজ্জোহার পক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম পুরস্কার নেন।
এ কে খন্দকার ও আবুল হাশেম খান নিজেরাই প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেন।
শেখ হাসিনা মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাওয়া ব্যক্তিদের স্মরণ করে বলেন, "এ গুণী ব্যক্তিদের অবদান চিরস্মরণীয়। তাদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাবে আজকের তরুণ সমাজ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩০০ ঘ
bdnews24