২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাউবো অফিসে ঠিকাদারদের ভাংচুর

কাজের বিল পরিশোধের দাবিতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে ঠিকাদাররা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

সুনামগঞ্জ, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজের বিল পরিশোধের দাবিতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে ঠিকাদাররা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তারা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে প্রায় দু'ঘন্টা অবরুদ্ধ করে রাখে। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের কাজির পয়েন্ট এলাকায় পাউবো কার্যালয়ে এ ভাংচুর হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, দুপুরে ঠিকাদাররা পাউবো'র নির্বাহী প্রকৌশলীকে কাজের বিল পরিশোধের কথা জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঠিকাদাররা কার্যালয়ের জানালা ভাংচুর এবং নির্বাহী প্রকৌশলীকে অবরুদ্ধ করে। পরে নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল বিল পরিশোধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা ২টার দিকে ঠিকাদাররা চলে যায়। ঠিকাদার রমা দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর পাউবো একশ'রও বেশি ঠিকাদারকে দিয়ে হাওরে বাঁধ নির্মাণে তিন কোটি টাকার জরুরি কাজ করায়। এখন বিল চাইতে গেলে পাউবো কর্মকর্তারা গড়িমসি এবং ঠিকাদারদের সঙ্গে খারাপ আচরণ করছেন, অভিযোগ করেন তিনি। সুনামগঞ্জ পাউবো'র নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠিকাদাররা যাতে তাদের জরুরি কাজের বিল পায় সে ব্যবস্থা করা হচ্ছে। সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ফিরোজ বলেন, ঘটনার পর থেকে পাউবো অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৫ ঘ.