যশোর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার যশোরের বাঘারপাড়ার বড়খুদরা হাইস্কুল মাঠে আয়োজিত 'কৃষি বাজেট ও কৃষকের বাজেট' শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
চ্যানেল আইয়ের 'হৃদয়ে মাটি ও মানুষ' নামের অনুষ্ঠানের পক্ষ থেকে এই আলোচনার আয়োজন করা হয়।
আলোচনা চলাকালে অনুষ্ঠান ধারণের সময় চ্যানেল আইয়ের সিনিয়র ক্যামেরাম্যান শহীদুল্লাহ টিটন (৩৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
অর্থমন্ত্রী তাৎক্ষণিকভাবে শহীদুল্লাহ মৃত্যুতে শোক প্রকাশ করেন।
আলোচনাকালে অর্থমন্ত্রী বলেন, সবজি চাষ, ফুল চাষ, মৎস্য পোনা আহরণ ও ফসল উন্নয়নে সারাদেশের মধ্যে যশোর শীর্ষে রয়েছে। সেই বিবেচনায় সরকার যশোরকে ইকনমিক জোন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, কৃষকরা এদেশের প্রাণ। আমাদের সরকার কৃষকের উন্নতির জন্য সারের দাম কমিয়ে দিয়েছে।
আগামী বাজেট তৈরির সময় কৃষকদের সমস্যা বিবেচনায় রেখে কোল্ড স্টোরেজ নির্মাণসহ সার্বিক সমস্যার সমাধান করা হবে।
জাতীয় বাজেটে কৃষকের বিষয়গুলো অন্তর্ভুক্ত হলে এবং কৃষি উন্নয়নের বিষয়ে বেশি গুরুত্ব দিলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি মনে করেন।
কৃষকদের মধ্য থেকে কৃষি সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন, সংগঠক আইয়ুব হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সোহরাব উদ্দিনসহ ২৫ জন কৃষক।
এ সময় তারা এ অঞ্চলে পানি না থাকা, সময়মত বিদ্যুৎ না পাওয়া, ভাল রাস্তাঘাট না থাকা, সবজি নিরাপত্তার জন্য কোল্ড স্টোরেজ না থাকা, ভেজাল সারের আগ্রাসন, বালাই ব্যাবস্থাপনা কেন্দ্র না থাকা, লবণ পানির কারণে ফসল নষ্ট হওয়াসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নূরুল আমিন, বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, ভারপ্রাপ্ত জেলা কৃষি কর্মকর্তা হেমায়েত উদ্দিন, বিএডিসির উপপরিচালক (বীজ বিপণন) প্রশান্ত কুমার সাহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সালেহ উদ্দিন খান, পুলিশ সুপার কামরুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন, পিডিবির মহা ব্যাবস্থাপক নাজমুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন চ্যানেল আই-এর পরিচালক (বার্তা) শাইখ সিরাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৭ ঘ.
bdnews24