২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত ২৫

জমি দখল নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দুর্বৃত্তের হামলায় মহিলাসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

নারায়ণগঞ্জ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখল নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দুর্বৃত্তের হামলায় মহিলাসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। সোমবার বিকালে দক্ষিণ ফতুল্লার সস্তাপুর এলাকায় এ হামলায় আহতদের নারায়ণগঞ্জ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, দুপুর সাড়ে ৩টায় সস্তাপুরে একটি তৈরি পোশাক কারখানার এক পরিচালকের ভাড়া করা অন্তত একশ' লোক একটি জমি দখল করতে যায়। তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে। ওই সময় আশপাশের লোকজন বাধা দিলে তারা এলাকাবাসীর উপরও হামলা চালায়। এলাকার ২০-২৫টি বাড়িতে গিয়ে পুরুষ ও মহিলাদের লাঠিপেটা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে। সাড়ে ৪টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে রয়েছেন- মেহেবুবুল হক তালুকদার টগর (৩৫), সোহেল হোসেন (৩২), জামান (৩৮), স্বপন মিয়া (২৪), নাজিম মিয়া (৩২), দেলোয়ার হোসেন (২৪), জাহাঙ্গীর (২৩), বাদশা (২৪), রোকসানা (৩২), জাহানারা (২৪), জরিনা আক্তার (৩২), কাউসার (২৭), মনির হোসেন (২৬), দেলোয়ার হোসেন (৩২)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী দক্ষিণ সস্তাপুর এলাকার জামাল হোসেন বলেন, একঘণ্টার এই হামলা চলাকালে এলাকার লোকজন ছিল অসহায়। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.