পাবনা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীর পানি সরাসরি সেচ কাজে ব্যবহারের সুযোগ পেয়ে বোরোর বাম্পার ফলনের আশা করছেন পাবনার কৃষকরা।
কৃষকরা বলছেন, এখন আর তাদের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের দুশ্চিন্তা নেই। সেচমূল্যও কমেছে প্রায় দশ গুণ।
সরজমিনে দেখা গেছে, 'পাবনা সেচ ও পল্লী উন্নয়ন' প্রকল্পের আওতায় মাঠে মাঠে এখন ৪০/৪২ দিনের ধান চারা। চারিদিকে সবুজের সমারোহ।
মাহমুদপুর গ্রামের কৃষক কোরবান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাগোরে অ্যাহন আর চিন্তা নাই। নদীর পানি দিয়া সেচ দিচ্ছি। ক্ষ্যাতে অ্যাহন অনেক পানি।"
পাবনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ১৯৯১ সালে ৩৮৬ কোটি টাকা ব্যয়ে পাবনার ৯টি, সিরাজগঞ্জের ১টি ও নাটোরের ২টি উপজেলার সমন্বয়ে ১৮ হাজার ৬৮০ হেক্টর জমিতে কৃষককে সেচ সুবিধা দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড 'পাবনা সেচ ও পল্লী উন্নয়ন' নামে একটি প্রকল্প গ্রহণ করে।
এ জন্য ১৫৭ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করে জেলার প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫৩৪ হেক্টর জমি বন্যামুক্ত করা হয়।
হুরাসাগর নদী থেকে সেচের পানি প্রথমে ৩টি প্রধান খালে আনা হয়। এই প্রধান খালের রয়েছে ১৯টি শাখা-খালের ১৫টি টারশিয়ারি দিয়ে নদীর পানি সরাসরি কৃষি জমিতে পৌঁছায়। তবে সংযোগ-তীর ভেঙে যাওয়ার ঘটনায় এতোদিন কৃষকদের দুর্ভোগ পোহাতে হতো।
চলতি বোরো মৌসুমে সংস্কার কাজ করে প্রকল্পটির সর্বোচ্চ সুবিধা কৃষকদের দেওয়ার উপযোগী করে তুলে পানি উন্নয়ন বোর্ড।
সাগরদাড়িয়া গ্রামের কৃষক মনিরুল ইসলাম মণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই মৌসুমে বিঘা প্রতি ১৮০ টাকা করে সেচ দিতে পারায় আমরা খুশি। আগে যখন ডিপ টিউবয়েল দিয়া পানি দিতাম তখন বিঘা প্রতি খরচ ছিলো দুই হাজার টাকা।"
এখন খরচ দশ গুণ কমে গেছে বলে জানান মণি।
মাহমুদপুরের 'সেচ গ্রহিতা কৃষক সমবায় সমিতি'র সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বলেন, "সমবায় সমিতির মাধ্যমে সেচ দেওয়ায় আমাদের অনেক সুবিধা হয়েছে।"
নদীর পানি সরাসরি সেচ কাজে ব্যবহার করায় জমির উর্বরতা শক্তি বাড়ছে বলে মনে করেন আব্দুল আজিজ।
পানি উন্নয়ন বোর্ড পাবনার উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে এসব জমিতে বছরে একটি ফসল হতো। কিন্তু সেচ দেওয়ায় এখন বছরে ৩টি ফসল করছে কৃষকরা।"
পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এখানে আগে কৃষকরা ২৫/৩০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন করতো। এবার সেখানে ৫৬ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। যার বাজার মূল্য প্রায় ১২০ কোটি টাকা।"
তিনি জানান, বেড়া পাম্প হাউসের মাধ্যমে হুরাসাগর নদী থেকে পানি পাম্প করে কৃষকদের জমিতে দেওয়া হচ্ছে।
প্রকল্প পরিচালক ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রকল্পটি এলাকাসহ দেশের পরিবেশ ও আর্থ সামজিক উন্নয়নে বৃহৎ ভূমিকা পালন করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬১০ ঘ.
bdnews24