২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে দেলোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে খোন্দকার দেলোয়ার হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানালো সর্বস্তরের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 05:00 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় শহীদ মিনারে খোন্দকার দেলোয়ার হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানালো সর্বস্তরের মানুষ। শুক্রবার সকাল ৯টার দিকে বারডেম হাসপাতালের হিমঘর থেকে এই রাজনীতিবিদের কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। বিএনপি মহাসচিব দেলোয়ার (৭৮) বুধবার বিকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর আরমানিটোলা খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাজধানীতে খোন্দকার দেলোয়ারের পাঁচটি জানাজা হবে। এরপর বিকালে দাফনের জন্য তার মরদেহ মানিকগঞ্জে নিয়ে যাওয়া হবে। শুক্রবার সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অস্থায়ীভাবে নির্মিত মঞ্চে মরহুমের কফিন এনে রাখার পর রাজনীতিবিদ, শিক্ষাবিদসহ পেশাজীবী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশের কউিনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি সদরুল আমিন, সাবেক উপাচার্য এ এস এম ফায়েজসহ বিভিন্ন পেশার মানুষ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম-মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী, দেলোয়ারের বড় ছেলে খোন্দকার আবদুল হামিদ ডাবলু উপস্থিত ছিলেন। শহীদ মিনার থেকে সকাল ১০টায় খোন্দকার দেলোয়ারের কফিন হাইকোর্ট প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় জানাজার জন্য। সেখানে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, টিএইচ খান, আমিনুল হক, আবদুর রাজ্জাকসহ বিচারপতি, আইনজীবী ও আদালতের কর্মকর্তারা তার জানাজায় অংশ নেন। পরে আইনজীবী সমিতির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দেওয়া হয়। এরপর সকাল সোয়া ১১টার দিকে মরহুমের মরদেহ নামাজে জানাজার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হয়। জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবং আসরের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরও দুই দফা জানাজা অনুষ্ঠিত হবে। খোন্দকার দেলোয়ারের মরদেহ শুক্রবার বিকালে সড়কপথে মানিকগঞ্জে নিয়ে যাওয়া হবে। তাকে গ্রামের বাড়ি খিরাই পাচুরিয়ায় পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/সিএস/জেকে/১১৩৩ ঘ.