নরসিংদী, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সরকারি কলেজে ছাত্রনেতা হত্যাকাণ্ডে প্রত্যাহার করা হয়েছে নরসিংদী সদর মডেল থানার ওসি আব্দুল হানিফকে।
পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগে ন্যস্ত করা হয়।
নরসিংদীর পুলিশ সুপার আক্কাস উদ্দিন ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
নরসিংদী সরকারি কলেজে ছাত্র সংসদের জিএস বিল্লাল হোসেন রনি খুন হওয়ার দেড় ঘণ্টা আগে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু বকর ছিদ্দিক পুলিশ পাঠানোর জন্য অনুরোধ করা সত্ত্বেও ওসি আব্দুল হানিফ পুলিশ পাঠানোয় গড়িমসি করেন বলে অভিযোগ রয়েছে।
নরসিংদী সরকারি কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জিএস বিল্লাল হোসেন রনি খুন হয়। গুরুতর আহত হয় আরও ৪ ছাত্র।
এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা ওই দিন শহরের ব্রাক্ষ্মন্দী এলাকায় ৫টি বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। শহরে চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় র্যাব ও পুলিশ।
অনির্দিষ্টকালের জন্য কলেজে ছুটি ঘোষণা করা হয়। বিএনপি ও ছাত্রদল পরদিন শহরে পৃথক হরতাল কর্মসূচি পালন করে।
উল্লেখ্য, আব্দুল হানিফ ১৪ মার্চ সন্ধ্যায় নরসিংদী সদর মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯০৯ ঘ.
bdnews24