চাঁদপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনায় জাল ফেলা এবং জাটকা ধরার অপরাধে ২৯ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজার মধ্যে সর্বোচ্চ ২৩ দিন ও সর্বনিন্ম ৫দিনের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত সবাই লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা।
বুধবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম অলিউল্যাহ এ সাজা দেন।
ইলিশ রক্ষায় 'জাটকা নিধন প্রতিরোধে' মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু'মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটারের মধ্যে সকল প্রকার মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ।
হাইমচর থানার ওসি হেলাল উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে মেঘনা নদীতে জাটকা ধরার সময় এসব জেলেকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল, বেশ কিছু জাটকা ও ৫টি জেলে নৌকা আটক করা হয়।
পরে কারেন্ট জাল ও জাটকা উপজেলার তেলিরমোড় এলাকায় পোড়ানো হয়।
সাজাপ্রাপ্ত জেলেদের চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১২ ঘ.
bdnews24