ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এবং ভারতের জ্বালানি ও বৈদ্যুতিক পণ্য নিয়ে আগামী মে মাসে ঢাকায় একটি যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
'ইন্দো-বাংলা এক্সজিবিশন অন এনার্জি এন্ড ইলেট্রিক্যাল ইক্যুইপমেন্ট সেক্টর' শীর্ষক এ প্রদর্শনী ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হবে বলে আয়োজক প্রতিষ্ঠান ইন্ডিয়া চেম্বার অব কমার্সের (আইসিসি) একজন প্রতিনিধি জানিয়েছেন।
আইসিসির উপদেষ্টা নাকিব আহমেদ শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, "প্রদর্শনীতে ক্রেতা ও বিক্রেতারা আলোচনা করবেন। এতে উভয় দেশের মধ্যে হৃদ্যতা বাড়বে।"
প্রদর্শনীতে মোট ৬০টি স্টল থাকবে। বাংলাদেশ এবং ভারতের জ্বালানি ও বিদ্যুৎ খাতের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে।
সংবাদ সম্মেলনে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমদ বলেন, "বাংলাদেশে বিদ্যুতের অনেক ঘাটতি আছে। তাই ভারতীয়দের আমরা এগিয়ে আসতে বলেছি।"
"প্রদর্শনীতে আমরা ভারতের কোনো ভালো পণ্য পেলে পরবর্তীতে তা এখানে কাজে লাগাতে পারবো। আবার বাংলাদেশি উদ্যোক্তারা ভারতের সহায়তায় তাদের পণ্য আন্তর্জাতিক মানের করতে পারবে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমইউএস/কেএমএস/১৮০৭ ঘ.
bdnews24