ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরে ২০০৪ সালের এক জোড়া খুনের মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছে চার আসামি।
দণ্ডিতরা হলেন- রহমতউল্লাহ, রবিউল্লাহ, খোকন, আব্দুল হক, জসিম, বাতেন এবং মিন্টু।
দণ্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আনাদায়ে আরো ২ বছর করে সাজা ভোগ করতে হবে তাদের।
বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. শাহেদ নূর উদ্দিন এই রায় দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে রহমতউল্লাহ, রবিউল্লাহ, খোকন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
এ ছাড়া শফিউল্লাহ, আলাউদ্দিন, আলী ইমাম মো. মাসুদ ওরফে সুমন ও নূরুল ইসলাম নামে চার আসামি খালাস পেয়েছেন।
রায় ও মামলার নথি থেকে জানা গেছে, ২০০৪ সালের ২৫ ফেব্র"য়ারি রাত ৯টার দিকে মিরপুর আহম্মেদ নগর পাইকপাড়ার হাবুলের পুকুরের পাড়ের শিকদার কাঁচাবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও আমির হোসেনকে গুলি করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
ঘটনার পর দিন রশিদের ছেলে মজিবুর রহমান বাদি হয়ে মিরপুর থানায় মামলাটি করেন।
ওই বছরের ৩০ নভেম্বরে অভিযোগপত্র দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ ভূঁইয়া। পলাতকদের পক্ষে ছিলেন এদাদুল হক লাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এএল/১৭৪২ ঘ.
bdnews24