২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফিউলের কফিনে শফিউল নেই

লিবিয়া থেকে পালানোর সময় সাগরে ডুবে মারা যাওয়া শফিউল আজমের কফিনে এসেছে অন্য একটি লাশ। শফিউলের পরিবার লাশ নিতে অস্বীকৃতি জানানোয় এটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 11:03 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাভার (ঢাকা), মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে পালানোর সময় সাগরে ডুবে মারা যাওয়া শফিউল আজমের কফিনে এসেছে অন্য একটি লাশ। শফিউলের পরিবার লাশ নিতে অস্বীকৃতি জানানোয় এটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। বৃহস্পতিবার ভোরে তিন জনের কফিন ঢাকায় আসে, যারা গ্রিসের ক্রিট দ্বীপের কাছে সাগরে ডুবে মারা গিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিন বাংলাদেশি হলেন- সাভারের ব্যাংক কলোনি মহল্লার এ ব্লকের 'স্বপ্ননীড়' বাড়ির মৃত মোহাম্মদ আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ শফিউল আজম, বরিশালের গৌরনদীর উত্তর বিজয়পুরের শাহাব আলীর ছেলে মোহন কামাল এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ধর্মকান্দি গ্রামের নূরুল হক খলিফার ছেলে ফরিদ খলিফা। লাশ তিনটি আনে রিক্রুটিং এজেন্সি বেঙ্গল টাইগার ওভারসিজ। নিহত তিন জনের পরিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশগুলো গ্রহণও করে। কিন্তু সাভারে এনে শফিউলের কফিন খোলার পরই দেখা দেয় বিপত্তি। শফিউলের পরিবারের সদস্যরা বলছেন, কফিনের সঙ্গে থাকা কাগজপত্র ও পাসপোর্ট শফিউলের হলেও লাশটি নয়। শফিউলের মা খাদিজাতুল কোবরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাশটি ভালোভাবে দেখেছি, এটি আমার ছেলের নয়। আমার ছেলের বাম পাঁজরের নিচে বড় কালো জন্মদাগ রয়েছে। কিন্তু এ লাশে তা নেই।" লাশের সঙ্গে থাকা পাসপোর্ট ও কাগজপত্র শফিউলের বলে জানান তার ভাই আব্দুল হাদী। শফিউলের মামা আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কফিনে অন্য লাশ দেখে তাদের সন্দেহ হয় যে লাশ অদল-বদল হয়েছে। "একইসঙ্গে আসা অন্য দুটি লাশের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে গাড়ি নিয়ে গিয়ে সে কফিনগুলোও খুলে দেখেছি, কিন্তু আমার ভাগ্নের লাশ পাইনি", বলেন তিনি। এরপর শফিউলের পরিবার বেঙ্গল টাইগার ওভারসিজকে জানালে তারা লাশটি বুঝে নেয়। বেঙ্গল টাইগার ওভারসিজের ব্যবস্থাপক গোলাম মোস্তফা খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা (নিহতের স্বজনরা) আমাদের ফোনে জানিয়েছে লাশটি শফিউলের নয়। পরে আমরা সাভার থানার সহযোগিতায় লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। লাশটি আপাতত মর্গে থাকবে।" লাশের পরিচয় পাওয়া গেলে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে জানিয়ে তিনি বলেন, নইলে কিছু দিন পর আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এ বিষয়ে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে জানান সাভার থানার উপপরিদর্শক মাসুদ আলম। তিনিই লাশটি ঢাকা মেডিকেল মর্গে আনেন। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবাবের লোকজন দাবি করেছে, লাশটি শফিউলের নয়। তবে কফিনের সঙ্গে আসা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র সবই ঠিক আছে।" তিনি বলেন, বেঙ্গল টাইগার ওভারসিজের কর্মকর্তা ও মৃতের স্বজনরা থানায় এসেছিলেন। পরে শফিউলের ভাই আব্দুল হাদী বাদি হয়ে লাশটি তাদের নয় জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বেঙ্গল ওভারসিজের মাধ্যমেই ২০০৯ সালে শফিউল লিবিয়ার একটি কোম্পানিতে চাকরি নিয়ে যান। রাজনৈতিক সংঘাতের কারণে তারা লিবিয়া ছাড়েন। জাহাজে করে গ্রিসে যাওয়ার পথে গত শনিবার হানিয়া বন্দরের কাছে অনেকে পানিতে লাফিয়ে পড়ে। তখন তিনি জন বাংলাদেশির মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন ১১ জন বাংলাদেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এমআই/১৭০০ ঘ.