ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শর্ত মেনে জাহাজ ভাঙার কাজ তদারকির জন্য সেল গঠনের সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ ভাঙার ক্ষেত্রে আরোপিত শর্ত পালন করছে কি না- তা খতিয়ে দেখতে একটি শক্তিশালী তদারকি সেল গঠনের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া গাড়ি আমদানির ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতা ছাড়াও দূষণের মাত্রা নিরূপণ সাপেক্ষে কর নির্ধারণের বিষয়টিতে গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠকে পরিবেশ ও বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প, রবার শিল্প, ইকোপার্ক নির্মাণ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা সাপেক্ষে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করে আগামী বাজেটকে একটি পরিবেশ বান্ধব বাজেট হিসেবে প্রণয়নের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আব্দুল মোমিন তালুকদারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন প্রতিমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, সাবের হোসেন চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, এম এ জব্বার, মো. সোহরাব আলী সানা, গিয়াস উদ্দিন আহমেদ এবং পারভীন তালুকদার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২০১৮ ঘ.
bdnews24