হবিগঞ্জ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে কোর্টহাজত থেকে এক আসামি পালিয়েছে। এ ঘটনায় ছয় পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।
ঘটনাটি মঙ্গলবারের বলে হবিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমান জানিয়েছেন।
পালানো ব্যক্তির নাম শিপন ভূঁইয়া (২৯)। প্রায় এক মাস আগে হবিগঞ্জের মাধবপুর থেকে ৬ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার তাকে হবিগঞ্জ বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করার জন্য কারাগার থেকে কোর্টহাজতে আনা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত কোর্টহাজত থেকে আসামি শিপন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
পরে অভিযান চালানো হলেও বুধবার বিকাল পর্যন্ত শিপনকে গ্রেপ্তার করা যায়নি। শিপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চাওরা গ্রামের আব্দুল কাইয়ুম ভূঁইয়ার ছেলে।
আসামি পালানোর পর বুধবার ঘটনাটি তদন্ত করেন হবিগঞ্জের বিচার বিভাগীয় হাকিম রঞ্জন কুমার সাহা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের সিলেট অঞ্চলের উপমহাপরিদর্শকে সুপারিশ করেন।
পুলিশ কর্মকর্তা জিল্লুর সাংবাদিকদের বলেন, কর্তব্যে অবহেলার জন্য কোর্ট ইন্সপেক্টর কার্যালয়ের হাবিলদার মুজিবুর রহমান, হাবিলদার আব্দুল লতিফ, কনস্টেবল মনির হোসেন, কনস্টেবল দিপংকর, কনস্টেবল এবি সিদ্দিক ও কনস্টেবল মানিক মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
শিপন পালানোর পর থেকে কোর্টহাজতে থাকা আসামিদের সঙ্গে আত্মীয়-স্বজনের সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৯৫০ ঘ.
bdnews24