২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপির কয়েকটি প্রস্তাব বিবেচনায়

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 09:53 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) বেশ কয়েকটি প্রকল্পের প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আব্দুল করিম বুধবার বলেছেন, বেশ কয়েকটি প্রস্তাব জমা পড়েছে। সরকার এগুলো খতিয়ে দেখছে। পিপিপি নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) আয়োজিত এক কর্মশালায় একথা জানান তিনি। তিনি বলেন, "এগুলো কোনো বিস্তারিত প্রস্তাব নয়। তবে আমরা এগুলো বিশ্লেষণ করে দেখছি।" এর মধ্যে গণপূর্ত মন্ত্রণালয়ের তিনটি, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের ৩৪টি, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের দুটি, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ বিভাগের ১৩টি, যোগাযোগ মন্ত্রণালয়ের দুটি এবং জ্বালানি মন্ত্রণালয়ের চারটি প্রস্তাব রয়েছে। সচিব বলেন, ১৭টি মন্ত্রণালয় ইতোমধ্যে পিপিপির ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে তিনি স্বীকার করেন, গত অর্থবছরের বাজেটে পিপিপির জন্য অর্থ বরাদ্দ থাকলেও তা সময়মতো বিতরণ করা যায়নি। "আমরা আশা করছি এ অর্থবছরে বরাদ্দকৃত অর্থের কিছুটা হলেও কাজে লাগানো যাবে", বলেন তিনি। কর্মশালায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন বলেন, ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্যাসিলিটি ফান্ডের (আইপিএফএফ) দ্বিতীয় পর্যায়ের বহুপাক্ষিক ঋণ অনুমোদিত হয়েছে। তিনি জানান, প্রথম পর্যায়ে এর পরিমাণ ছিলো ৫ কোটি ৭০ লাখ ডলার। কিন্তু দ্বিতীয় পর্যায়ে এর পরিমাণ বেড়ে হয়েছে ২৫ কোটি ৭০ রাখ ডলার। তিনি বলেন, "এর মাধ্যমেই প্রমাণ হয় যে, সরকারের পিপিপি প্রকল্প বাস্তবায়নের ক্ষমতার ওপর বিশ্বব্যাংকের আস্থা রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এমআই/১৫৫০ ঘ.