ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথাসাহিত্যিক মহীবুল আজিজকে সোমেন চন্দ পুরস্কার ২০১১ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
সাহিত্য বিষয়ক ছোটকাগজ অমিত্রাক্ষর আয়োজিত পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক হায়াৎ মামুদ, সোমেন চন্দের ছোট ভাই কল্যাণ চন্দ, অমিত্রাক্ষর পত্রিকার সম্পাদক ও বাংলা একাডেমির উপ-পরিচালক আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষা সংগ্রামী ও রবীন্দ্র গবেষক আহমদ রফিক।
হায়াৎ মামুদ বলেন, "সোমেন চন্দের লেখালেখির মধ্যে ছিল মুক্তচিন্তার বিকাশ। তিনি বামপন্থী সাহিত্য নেতাদের এক অনন্য নেতা। যারা শোষণমুক্ত রাজনীতি ও দেশ পেতে চায় সোমেন চন্দ তাদেরই পথ প্রদর্শক।"
সোমেন চন্দ পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক মহীবুল আজিজ তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মুক্ত চিন্তার ধারক সোমেন চন্দের সাহিত্য পড়ে মুগ্ধ হই। এরপর তাকে নিয়ে আরো গবেষণা করতে থাকি। এক পর্যায়ে তার সাহিত্য চেতনায় উজ্জীবিত হয়ে কলম ধরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২১৫২ ঘ.
bdnews24