ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান ফখরুল ইসলাম এবং সচিব ভুবন চন্দ্র বিশ্বাসকে আগামী ২৪ এপ্রিল স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের বেঞ্চ এ আদেশ দেয়।
বিসিকের সহকারী অডিট কর্মকর্তা মাহাবুব উল্লাহসহ ৭ জন কর্মকর্তার আবেদনে এ আদেশ দেওয়া হয়।
আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন এবং বিসিকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এমডি আব্দুল জলিল শুনানি করেন।
সালাহউদ্দিন দোলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে গত বছরের ১২ অগাস্ট হাইকোর্টের অন্য একটি বেঞ্চ ৯০ দিনের মধ্যে মাহবুব উল্লাহসহ বিসিকের ৫৩ কর্মকর্তার তিনটি টাইম স্কেল এবং বকেয়া বেতন পরিশোধের নির্দেশ দেয়।
ওই নির্দেশ বাস্তবায়ন না করায় সাত কর্মকর্তা গত ১৩ ফেব্র"য়ারি আদালত অবমাননার অভিযোগ করেন।
ওই আবেদনে একই দিন 'আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না' এ মর্মে বিসিকের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে আদেশ (রুল) জারি করা হয়।
"এরপরও বিসিক চেয়ারম্যান ও সচিব ক্ষমা প্রার্থনা করেননি এমনকি আদালতের নির্দেশও বাস্তবায়ন করেননি," বলেন সালাহউদ্দিন দোলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/পিডি/২০৩৭ ঘ.
bdnews24