২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে র‌্যাব-ডাকাত গোলাগুলি

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধে এক ডাকাত গুলিবিদ্ধ ও এক র‌্যাব সদস্য আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 07:37 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

নারায়ণগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধে এক ডাকাত গুলিবিদ্ধ ও এক র‌্যাব সদস্য আহত হয়েছে। সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দক্ষিণ কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার গ্রিল কাটার যন্ত্র উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ডাকাত মো. মোসলেমকে শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাব-১১, আদমজীনগর সিপিসি-১ এর এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব গোপন সূত্রে খবর পায়, ৭/৮ জন অস্ত্রধারী ডাকাত দক্ষিণ কদমতলী এলাকার একটি মাঠে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। র‌্যাবের টহল দল সেখানে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মো. মোসলেম (৩৫) নামের এক ডাকাতকে উদ্ধার করা হয়। সে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মকবুল হোসেনের ছেলে। র‌্যাব জানায়, মোসলেমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ থানায় ৫টি ডাকাতি ও একটি চুরির মামলা রয়েছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে মোসলেম জানায়, সে দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/ ২০০৮ ঘ.