জামালপুর, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মেলান্দহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে কর্তৃপক্ষ।
ছাত্রদের সোমবার সন্ধ্যা এবং ছাত্রীদের মঙ্গলবার সকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিসারিজ কলেজকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলো।
মঙ্গলবার সন্ধ্যায় মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান পুলিশ নিয়ে এসে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলেন।
কলেজের অধ্যক্ষ শহিদুর রহমান খান বলেন, ছাত্ররা কয়েকদিন ধরে আন্দোলন করছিলো। বাধ্য হয়ে কর্তৃপক্ষ কলেজ বন্ধ করে হল ত্যাগের নির্দেশ দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, কলেজ কর্তৃপক্ষের লিখিত অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক রাখতেই শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৪ ঘ.
bdnews24