ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হওয়ায় দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুতে গাড়ি ভাংচুর গ্রহণযোগ্য নয়।
ক্রিকেট খেলায় পরাজয়ের পর দশর্কদের অসহিষ্ণু আচরণের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, "খেলায় হারজিত আছে। সবাইকে স্পোর্টস ম্যান স্পিরিট দেখাতে হবে। খেলায় হারলে খেলোয়ারদের গাড়িতে ঢিল ছোড়া হবে- এটা গ্রহণযোগ্য নয়।
"অনেকে বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু পায়নি উচ্ছৃঙ্খল আচরণের জন্য। আমরা বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু পেয়েছি- এর মর্যাদা আমাদের রক্ষা করতে হবে।"
"খেলোয়ারদের কি খেলায় হেরে খারাপ লাগেনি?," প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।
৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার বিকালে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় শেখ হাসিনা এ কথা বলেন।
সুদীর্ঘকালের আপোসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের জনসমুদ্রে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, 'রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।'
৭ মার্চ তার এই উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিকনির্দেশনা। এরপরই দেশের মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।
রোববার বাস শ্রমিক ও ঢাবিছাত্রদের সংঘর্ষে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নির্বিচারে যানবাহন ভাংচুরের ঘটনা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "একজন সম্ভাবনাময় ছেলে মারা গেছে- এজন্য আমরা দুঃখিত। তবে, ভাংচুরের ঘটনায় আরো দুর্ঘটনা হতে পারত।"
[যে] কোনো কারণেই ভাংচুরের ঘটনার পেছনে কারো উস্কানি আছে কি না- তা খুঁজে বের করতে বলেন হাসিনা।
"কথায় কথায় ভাংচুর গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে।"
ছাত্রসহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আমাদের দেশের দরিদ্র মানুষগুলো অসহায়- এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সবাই গিনিপিগ হিসাবে ব্যবহার করে। আমাদের গরীব মানুষদের ব্যবহার করে অনেকের আঙুল ফুলে কলাগাছ হয়েছে। গরীব মানুষদের ব্যবহার করে অনেকে নিজেদের ভাগ্য গড়ে নেয়।
"আওয়ামী লীগ জনগণের প্রকৃত উন্নয়ন করতে চায়।"
'এরপরই বাংলাদেশ স্বাধীন দেশ'
১৯৭১-এর ৭ মার্চের স্মৃতিচারণ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "সেদিনই বাংলার জনগণ স্বাধীনতা অর্জন করেছিলো। পাকিস্তানি শাসক গোষ্ঠি তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলো। [বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের] ওই ভাষণের পর থেকে পাকিস্তান সেনাবাহিনী এই অঞ্চলের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এরপরই বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।"
"যখনই এই ভাষণ শুনি তখনই রক্ত টগবগ করে ওঠে। এই ভাষণ এখনো ৪০ বছর পর আমাদের উদ্বেলিত করে।"
"আমি যদি হুকুম দেবার নাও পারি"- ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের এই লাইনটি উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, "জাতির জনক এই ভাষণের মধ্য দিয়ে জনগণকে প্রস্তুত করে রেখেছিলেন। উনি জানতেন হয় তাকে গ্রেপ্তার, না হয় হত্যা করা হবে।"
অসাংবিধানিকভাবে যারা ক্ষমতা দখল করে তাদের মাধ্যমে দেশের উন্নয়ন হয় না- দাবি করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা দু'বছরে যা করেছি এর আগে সাত বছরে তা হয়নি। চারদলীয় জোট সরকারের পাঁচ বছরের ৭১-এ হানাদার বাহিনী যা করেছিলো, তার পুনরাবৃত্তি হয়। আর, দু'বছর সবচেয়ে বেশি ডিগ্রিধারী লোকরা ছিলো- তারা কী উন্নয়ন করেছে?"
বিএনপি ক্ষমতায় আসলে এই সরকারের সব কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করা হবে বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, "উনি সব কাজ বন্ধ করে দেবেন। আমরা খাদ্য উৎপাদন বাড়িয়েছি। তা হলে তিনি খাদ্য উৎপাদন কমাবেন।
"খাদ্য আমদানি করবেন আর কমিশন খাবেন। আমরা যা সেতু করেছি- সব ভেঙে ফেলবেন। উনি দেশের ভালো করতে না পারলেও নিজের মঙ্গল তো করতে পারবেন।"
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীরর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শেখ ফজলুল করিম সেলিম, মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০২৪ ঘ.
bdnews24