নোয়াখালী, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি খামারে বার্ডফ্লু আক্রান্ত ছয়শ' লেয়ার মুরগি মারা গেছে।
মঙ্গলবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত মানিকপুর গ্রামের শিখা এগ্রো কমপ্লেক্স নামের ওই খামারে মুরগিগুলো মারা যায় বলে উপজেলা পশু সম্পদ কার্যালয় জানায়।
খামারের মালিক বাহার উদ্দিন মাহমুদ জানান, তার খামারে ছয় হাজার ৫৩৮টি মুরগির মধ্যে মঙ্গলবার (১ মার্চ) একটি মারা যায়। পরদিন মারা যায় চারটি। বিষয়টি তিনি উপজেলা পশু সম্পদ কর্মকর্তাকে জানান। শনিবার পর্যন্ত প্রায় ৬০০ মুরগি মারা গেছে।
উপজেলা পশুসম্পদ কর্মকর্তা আবুল কালাম বলেন, জেলা পরীক্ষাগার এবং ফেনীর আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষণাগারে আক্রান্ত মুরগি পরীক্ষা করে বার্ড ফ্লু ভাইরাস পাওয়া গেছে।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে মৃত মুরগিগুলো মাটিতে পুঁতে ফেলা হবে। জীবিতগুলোর বিষয়েও এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৭ ঘ.
bdnews24