চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূস ও তার কাজ সম্পর্কে মত ও মন্তব্য প্রকাশের ক্ষেত্রে আরো 'সতর্ক ও সত্যাশ্রয়ী' হওয়ার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন পেশায় নিয়োজিত ১২ ব্যক্তি।
শনিবার এক বিবৃতিতে তারা বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ইদানিং বিভিন্ন মহল থেকে এমন সব মন্তব্য ও খবর প্রকাশ করা হচ্ছে যার লক্ষ্য সত্য প্রকাশ নয়, ব্যক্তির ভাবমূর্তি নষ্ট করা।
মুহাম্মদ ইউনূসের ভাবনা ও কাজ নিয়ে বিতর্ক ও ভিন্নমত থাকা বিচিত্র নয়- উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কিন্তু তাতে ড. ইউনূসের ব্যক্তিগত সততা ও কাজের আন্তরিকতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয় না বলেই আমরা মনে করি।
বিবৃতিদাতারা হলেন- ইস্টডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য ড. সিকান্দার খান, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মইনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী, চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী সুলতান মাহমুদ, চবি'র সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, লেখক ফাহমিদা আমিন, শহীদজায়া বেগম মুশতারি শফি, ইউ ল্যাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহিত উল আলম, লেখক ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি সালেহউদ্দিন হায়দার সিদ্দিকী ও মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক।
গত বছরের ৩০ নভেম্বর নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংক থেকে সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণে নিয়ম লঙ্ঘন করে প্রায় ১০ কোটি ডলার তহবিল স্থানান্তরের অভিযোগ তোলায়। 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামের ওই প্রামাণ্যচিত্রের নির্মাতা টম হাইনমান একজন ডেনিশ সাংবাদিক।
প্রামান্যচিত্রটির ভিত্তিতে বাংলাদেশে সর্বপ্রথম খবর প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। পরে বিষয়টি নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এক পর্যায়ে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পর্যালোচনায় গত জানুয়ারি মাসে একটি কমিটি করে সরকার।
বিবৃতিদাতারা বলেন, আমাদের জানামতে ডেনমার্কের একজন বেসরকারি নির্মাতার তথ্যচিত্রের ভিত্তিতে গ্রামীণ ব্যাংকের একটি বিষয় নিয়ে সংবাদপত্রে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছিল। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নরওয়ে সরকারের বক্তব্যের পর এ বিষয়ে আর কোনো প্রশ্ন উত্থাপিত হওয়ার অবকাশ থাকে না বলেই আমরা মনে করি।
নরওয়ো পার্লামেন্টে তহবিল স্থানান্তর নিয়ে প্রশ্ন ওঠার পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখে। মন্ত্রণালয়কে দেওয়া নোরাডের প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ ব্যাংকের তহবিল তসরুপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে 'চুক্তি ভেঙে' সহযোগী প্রতিষ্ঠানে তহবিল স্থানান্তর করা হয়েছে।
নরওয়ের তখনকার সরকারের মেয়াদে ১৯৯৮ সালের মে মাসে ওই অর্থ ফিরিয়ে দেওয়ার চুক্তির মাধ্যমে বিষয়টির সমাপ্তি ঘটেছে বলেও উল্লেখ করা হয় নোরাডের প্রতিবেদনে।
এর জবাবে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে এক প্রতিবেদনে বলা হয়, নরওয়ের যে পরিমাণ অর্থ গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে স্থানান্তর হয়েছিল তার পুরোটা গ্রামীণ ব্যাংকে ফেরত যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২২৫ ঘ.
bdnews24