গাইবান্ধা, ফেরুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার গোবিন্দগঞ্জে মাইক্রোবাস-বাস মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১২ জন।
শুক্রবার দুপুর ১২টার দিকে বোয়ালিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে একজন এবং গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন মারা যায়। নিহতরা একই পরিবারের সদস্য।
এরা হলো- বাবা হেলাল উদ্দিন (৪৮), মেয়ে রুমা বেগম (২৬) ও রুমার ছেলে সিফাত বাবু (৬)।
হেলাল উদ্দিন তার আরেক নাতির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বগুড়ার শাহজাহানপুরের কাকনতা নিজ গ্রাম থেকে মাইক্রোবাসে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রথেরবাজার গ্রামে যাচ্ছিলেন বলে জানান ওসি।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বাস ও মাইক্রোবাসটি আটক করেছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬১৪ ঘ.
bdnews24