২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু, পিডিবিকে দোষারোপ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ২৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি বিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর মারা গেছে। স্থানীয়রা অভিযোগ করেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবহেলার কারণে এরা অকালে প্রাণ হারিয়েছে। বুধবার দুপুরে চকপুস্তম গ্রামের দামোস বিলে এই দুর্ঘটনায় মৃতরা হলো- ওই গ্রামের আসেম আলীর ছেলে মাসুদ রানা (১৫) ও শাজাহান আলীর ছেলে আনোয়ার হোসেন (১৪)। মাসুদ রানা হোগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এবং আনোয়ার চকপুস্তম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলো। স্থানীয়রা জানায়, মাসুদ রানা, আনোয়ার তাদের অপর দুই বন্ধু সেতাবুর ও মেহেদীর সঙ্গে বাড়ির পাশে দামোস বিলে সাঁতার কাটতে যায়। সাঁতার কেটে তারা বিলের ওপারে যায়। এক পর্যায়ে সেখানে ঝুলে থাকা বিদ্যুতের তারে মাসুদ জড়িয়ে গেলে আনোয়ার তাকে বাঁচাতে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মাসুদের চাচা জহিরুল ইসলাম ও আনোয়ারের চাচাতো ভাই সফিকুল ইসলাম এবং প্রতিবেশি আফজাল আলী ও রহিমা বেগম অভিযোগ করেন, গোমস্তাপুর পিডিবি বাঁশের খুঁটি দিয়ে খোলা তার লাগিয়ে দামোস বিলের সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। প্রতিবছর শুষ্ক মৌসুমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। বাকি সময় বন্ধ রাখা হয়। কিন্তু এবার শুষ্ক মৌসুমের আগেই বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি। বিদ্যুতের খোলা তার মাটি থেকে মাত্র এক ফুট উপরে ঝুলে রয়েছে। স্থানীয়দের আরো অভিযোগ, ছেলে দুটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই সংযোগ বন্ধের জন্য স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে অনুরোধ করা হয়। কিন্তু কার্যালয়ে কর্মরতরা তা করেনি। পরে স্থানীয় লোকজন বাঁশ দিয়ে পিটিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে তাদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে গোমস্তাপুর পিডিবি'র উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সময় তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখেন। কৃষকরা টাকা বাঁচাতে নিজেরাই গোপনে সংযোগ দিয়েছে। তিনি জানান, সেচপাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য ২৫০ টাকা এবং বিচ্ছিন্ন করার জন্য ২৫০ টাকা ফি দিতে হয়। বাঁশের খুঁটির বিষয়ে পিডিবির এই কর্মকর্তা বলেন, "বিষয়টি আমি জানি না, কেউ আমাকে এ ব্যাপারে কিছু জানায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.