২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষার সংগ্রাম শেষ হয়নি: সাইদ হায়দার

রাষ্ট্রভাষার জন্য সংগ্রাম শেষ হলেও ভাষার সংগ্রাম শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ভাষা সংগ্রামী ড. সাইদ হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রভাষার জন্য সংগ্রাম শেষ হলেও ভাষার সংগ্রাম শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ভাষা সংগ্রামী ড. সাইদ হায়দার। মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চলচ্চিত্র সংসদ আয়োজিত 'আমার ভাষার চলচ্চিত্র ১৪১৭' শীর্ষক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। ভাষার মর্যাদা রক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাঈদ হায়দার বলেন, "সর্বস্তরে প্রমিত বাংলা চালু করতে হবে। বাংলার শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে। শুদ্ধ করে বাংলা লিখতে হবে।" ভাষার সংগ্রামকে 'স্বপ্ন ভঙ্গের' পরবর্তী আন্দোলন অভিহিত করে এই ভাষা সৈনিক বলেন, "ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর আমাদের এমন অবস্থা ছিল যে, নতুন দেশের সাংবিধানিক কাঠামো দুর্বল হয়ে যাওয়ার বিষয়ে আমাদের খেয়াল ছিল না।" শিক্ষার সর্বস্তরে বাংলা ভাষা চালু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "পরিভাষার দোহাই দিয়ে 'বাংলা ভাষায় উচ্চ শিক্ষা বা বিজ্ঞান শিক্ষা চলবে না' এসব কথা বলা যাবে না।" প্রধান অতিথির বক্তব্যের্ অধ্যাপক আরেফিন সিদ্দিক বাংলা ভাষার বিকৃত ব্যবহার থেকে তরুণ প্রজন্মকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, "চীনারা যেভাবে তাদের ভাষার সঙ্গে অন্য ভাষার মিশ্রণ নিষিদ্ধ করেছে, সেভাবে বাংলা ভাষার সঙ্গেও অন্য ভাষার মিশ্রণ বন্ধ করতে হবে।" চার দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চারটি করে ছবি প্রদর্শন করা হবে। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেখানো হয় জহির রাহয়ান পরিচালিত 'জীবন থেকে নেয়া' চলচ্চিত্রটি। এ উৎসবের 'গণমাধ্যম সহযোগী' হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৬৪৫ ঘ.