২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৯৬ ইউপিতে ২৯ মার্চ থেকে ভোট

৫৯৬টি ইউনিয়নে নির্বাচনের দিন-তারিখ ঠিক করার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫৯৬টি ইউনিয়নে নির্বাচনের দিন-তারিখ ঠিক করার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বৃহস্পতিবার বিকালে উপকূলীয় ১২ জেলার ৭২ উপজেলার ৫৯৬টি ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, এসব ইউনিয়নে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে ভোট হবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে ৫ মার্চ পর্যন্ত। বাছাই হবে ৬ ও ৭ মার্চ। ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রথম দফার পর মে মাস জুড়ে প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসির। চলতি মাসে এসএসসি পরীক্ষা, মার্চের ১৯ তারিখ পর্যন্ত আদম শুমারি ও এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা থাকায় ইউপি নির্বাচনকে দুই পর্বে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা সাড়ে ৪ হাজার। এর মধ্যে নির্বাচনযোগ্য ইউপির সংখ্যা ৪ হাজার ৩০০টি। মামলা, সীমানা পুনর্বিন্যাস না হওয়া ও অন্য কারণে নির্বাচন অনুষ্ঠান করা যাবে না ২০৪টি। প্রতিটি ইউনিয়নে তিনটি করে ওয়ার্ড হিসেবে মোট সংরক্ষিত ওয়ার্ড ১৩ হাজার ২১৫টি। প্রতি ইউনিয়নে ৯টি করে ওয়ার্ড হিসেবে সাধারণ ওয়ার্ড ৪০ হাজার ৫৩৬টি। সারাদেশের ইউনিয়নগুলোয় মোট ভোটার ৬ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৬৯। এদের বিপরীতে মোট ভোটকেন্দ্র ৪৩ হাজার ২১৫টি ও ভোট কক্ষ ২ লাখ ৬ হাজার ৬০৬টি। স্বাধীনতা উত্তর দেশে এ পর্যন্ত সাত বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০০৩ সালের ২ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত এ নির্বাচন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬২০ ঘ.