ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য গোপন করে জামিন নেওয়ায় ঢাকার আশুলিয়ার একটি মামলার ১০ আসামির জামিন বাতিল করেছে হাইকোর্ট। তাদের চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে হাজির হতেও নির্দেশ দেওয়া হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশে করা এক আবেদনে বৃহস্পতিবার বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চ এ আদেশ দেয়।
ভাংচুর ও অপহরণের মামলার ওই ১০ আসামি হলেন- শহীদ, পরশ, রুবেল, রকি, দ্বীন ইসলাম, আলীম উদ্দিন, ইয়াসিন, জসিম, আলমগীর ও আইয়ুব খান।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি মনজিল মোরসেদ আদালতে শুনানি করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু জেলা কোর্ট আসামিদের জামিন বাতিল করেছিলো, তাই হাইকোর্টে তাদের জামিন আবেদনের সুযোগই ছিলো না। তারা ওই জামিন বাতিলের তথ্য আদালতকে না জানিয়েই জামিন নিয়েছিলো।"
গত ০৪ অক্টোবরের ওই ঘটনায় দুদিন পর আশুলিয়া থানায় একটি মামলা হয়। ওই মামলায় হাকিম আদালত থেকে আসামিরা জামিন নিলেও বাদি পক্ষের জজ কোর্ট তা বাতিল করে।
জামিন বাতিলের এই তথ্য গোপন করে গত ২ ফেব্র"য়ারি হাইকোর্টের একই বেঞ্চ থেকে জামিন নিয়েছিলেন ওই ১০ আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24